সিলেটে গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে পাঁচ মামলায় বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীসহ আসামিদের আদালতে হাজির হওয়ার নতুন তারিখ ১৩ জুন। সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম (দ্রুত বিচার) মো. আবুল কাশেমের আদালতে আজ মঙ্গলবার পাঁচ মামলায় ইলিয়াসসহ আসামিদের হাজির হওয়ার ধার্য তারিখ ছিল। ইলিয়াস আলী উপস্থিত না হওয়ায় আদালত মামলার নতুন এ তারিখ ধার্য করেন।আদালত সূত্র জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল এলাকায় যাত্রীবাহী ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ আগুনে পোড়ানো হয়। এ ঘটনার পরপরই সিলেট নগরে আরও ৫০টি গাড়ি ভাঙচুর হয়। এ ঘটনাকে ‘নাশকতা’ উল্লে¬খ করে সিলেট মহানগর পুলিশের পাঁচ থানায় দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পাঁচটি মামলা করে। পুলিশ ওই সব ঘটনা তদন্তে বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ হিসেবে শনাক্ত করে। পরে ইলিয়াসসহ বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।ইলিয়াসসহ বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৭ এপ্রিল ওই পাঁচ মামলায় আদালতে হাজিরা দিয়ে ইলিয়াস আলী ঢাকা যাওয়ার পর ওই দিন মধ্যরাতে ‘নিখোঁজ’ হন।