ইলেকট্রনিক ভোটিং চালু করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী এবং ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু করা হবে। এর ফলে কেউ ভুয়া ভোট দিতে পারবে না এবং কারও পক্ষে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব হবে না।আজ মঙ্গলবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ।বিরোধীদলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি সিস্টেম চালু হলেও তিনি তা মানবেন না। তিনি অবশ্য কোনোকিছুই মানতে চান না। আদালতের রায় মানেন না, সংবিধান মানেন না, তাঁর একটি মাত্র চাওয়া-পাওয়া হলো ক্ষমতায় বসে দুর্নীতির মাধ্যমে সম্পদ বানানো।জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন ত্রুটি ব্যাখ্যা করে বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিতে চায়নি, তারাই আজ তার জন্য মায়া-কান্না শুরু করেছে। তিনি বিরোধীদলীয় নেতার প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘গত তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার প্রিয় ব্যক্তি সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ, সাবেক উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ থাকার পরও আপনাকে কম খেসারত দিতে হয়নি। আপনাকেও জেল খাটতে হয়েছে। আপনার ছেলেদেরকেও বিদেশে পাঠিয়েছে। ভবিষ্যতে তারা আবার ক্ষমতায় আসলে আপনাকে যে খেসারত দিতে হবে না, তা ভাবলেন কি করে?’প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ আশার বাণী শুনিয়ে আপনাকে দিয়ে হরতাল করিয়ে দেশে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় বসলে সহজে ক্ষমতা ছাড়বে না। আপনাকে হয়তো আবারও জেলে যেতে হতে পারে।’প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মহাজোট সরকারের মেয়াদে জাতীয় সংসদের শূন্য আসনে উপনির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন এবং পৌর ও ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ক্ষমতার লোভ নেই। দেশের জনগণের প্রতি আমাদের আস্থা-বিশ্বাস রয়েছে। জনগণ যাকে ক্ষমতায় বসাবে, তারাই দেশ পরিচালনা করবে।’