ইলেকট্রনিক ভোটিং মেশিন হবে সংলাপের প্রথম এজেন্ডা: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ২০১৪ সালের সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের প্রথম এজেন্ডা।কাল মঙ্গলবার থেকে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির এই সংলাপ শুরু হচ্ছে। শামসুল হুদা সংলাপে সভাপতিত্ব করবেন।সংলাপ সম্পর্কে সিইসি আজ সোমবার বলেন, ‘ইভিএম হবে কাল থেকে শুরু হওয়া সংলাপের প্রথম এজেন্ডা। সংলাপের শুরুতে রাজনৈতিক দলের নেতাদের ইভিএমের ব্যবহার ও এর বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়াসহ এ-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।’শামসুল হুদা বলেন, ‘এটি ই-ভোটিং নয়, ইলেকট্রনিক ভোটিং। অনেকে এটিকে ই-ভোটিং বলে ভুল করে থাকেন। আমাদের দেশে আগামী ৫০ বছরেও ই-ভোটিং চালু করা সম্ভব নয়। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ব্যবহারে কারচুপির কোনো আশঙ্কা নেই, বরং এটি কারচুপি রোধ ও দ্রুত ভোট গণনাসহ আধুনিক ভোটিং ব্যবস্থা প্রবর্তনে সহায়ক হবে।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, যুগোপযোগী নির্বাচনী আইন তৈরি করতে ইসি রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবে। এ জন্যই দলগুলোর সঙ্গে সংলাপে বসা হবে।সূত্র জানায়, ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে পর্যায়ক্রমে আগামী ১৪ জুলাই পর্যন্ত এ সংলাপ চলবে। বাসস।