ইলেকট্রনিক ভোটিং মেশিনের পক্ষে সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নির্বাচন কমিশনের অধিকাংশ সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছে তারা।আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন।সংলাপে নির্বাচনী প্রচারণার জন্য নগদ অর্থ নয়, প্রয়োজনীয় উপকরণ যেমন: পোস্টার, প্রচারপত্র, ব্যানার, প্রতীক-সংবলিত হ্যান্ডবিল নির্বাচন কমিশনকে সরবরাহ করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।সংলাপে মুজাহিদুল ইসলাম বলেন, ‘৫ শতাংশ ভোট পেলে সংশ্লিষ্ট দলকে জনতহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে—এ বিধানটি বাদ দিতে হবে। কারণ এ বিধান থাকলে অনেক ছোট দলই বেশি বা সব আসনে প্রার্থী দেবে, কোনো না কোনোভাবে অনুদানের অর্থ নিয়ে অপব্যবহারের সুযোগ থাকবে।’মুজাহিদুল ইসলাম সেলিম জানান, গত নির্বাচনে সিপিবি নয় আসনে প্রার্থী দিয়েছে। এমন বিধান যুক্ত হলে দলটিকে ৩০০ আসনে প্রার্থীর কথা ভাবতে হবে। অনেকেই তা করবে। অনেক দল অর্থ নিয়ে হয়তো ব্যয়-বিবরণীও দেখিয়ে দেবে।সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, সচিব মোহাম্মদ সাদিক, বুয়েট ও বিএমটিএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হয়। ১৪ জুলাই পর্যন্ত দেশের ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ চলবে।