ইলোরাও চলে গেল
‘মাআমাকে দোয়া কোরো’ বেতের তৈরি ম্যাটের ওপর শামুক দিয়ে লেখা এই কথাটি শোভা পাচ্ছে মেয়েটির শোওয়ার ঘরের টিনের দেয়ালে। শুধু মায়ের দোয়াই নয়, মায়ের আদর, স্নেহ, ভালোবাসায় সারাক্ষণ আহ্লাদে আটখানা হয়ে থাকত বাড়ির সবচেয়ে ছোট্ট এই মেয়েটি। বাইরে থেকে ফিরে এসে কোনো কথা মাকে না-বলা পর্যন্ত শান্তি হতো না তার। বলছিলাম উম্মে কুলসুম ইলোরার কথা। যে মেয়েটি ৩ এপ্রিল শনিবার ঢাকার বাসাবোর নন্দীপাড়ায় নিজ বাড়িতে বখাটের উৎপাত সইতে না পেরে চলে গেছে পৃথিবী ছেড়ে। ৪ এপ্রিল রোববার ইলোরাদের বাড়ি গিয়ে জানা গেল ইলোরার জীবন কাহিনী।চার বোন ও এক ভাইয়ের মধ্যে ইলোরা ছিল সবার ছোট। তাই বাড়ির অন্যদের চেয়ে ওর প্রতি সবার স্নেহ-ভালোবাসা ছিল একটু বেশিই। বিশেষ করে বড় বোন লিপির সঙ্গে ওর ছিল প্রাণের সখ্য। বড় আপু কোন জামাটা পরছে, কীভাবে চুল কাটছে, কথা বলছে—সবকিছুই ছোটবেলা থেকে অনুসরণ করত ইলোরা, বলছিলেন ইলোরার সেজো বোন অনি। বড় বোন লিপির বিয়ের পর স্কুল ছুটি হলেই আপুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ত ইলোরা। বছর দুই আগে রান্নাঘরে কাজ করার সময় অসাবধানতাবশত চুলা থেকে আগুন লেগে যায় লিপির শরীরে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানেই মারা যান লিপি। বড় বোনের মৃত্যুর পর প্রায় এক বছর কেমন যেন অস্বাভাবিক আচরণ করত ইলোরা। দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ইলোরা। বাসাবো এলাকায় নন্দীপাড়ায় ওদের বাসা। ভ্যানে স্কুলে আসা-যাওয়ার পথে ইলোরাকে একই এলাকার রেজাউল করিম বিরক্ত করত। প্রায়দু বছর ধরে সে ইলোরাকে উত্ত্যক্ত করে আসছিল।বিষয়টি সে মাকে এসে বলে। মা তাকে বোঝান, ওই ছেলে তোমার যোগ্য নয়। কখনোই তুমি ওর সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে না। মায়ের কথা শোনে সে। রেজাউলের উৎপাত অসহনীয় পর্যায়ে চলে গেলে ভ্যান ছাড়িয়ে ইলোরার মা-বাবা তাকে স্কুলে আনা-নেওয়া করতে থাকেন। মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথেও বখাটে রেজাউল মায়ের সামনেই ইলোরাকে নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলত। একদিন সহ্যের মাত্রা ছাড়িয়ে গেলে ইলোরার মা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেদিন হাত ধরে টেনে জোর করে মাকে বাড়িতে নিয়ে আসে ইলোরা। উল্টো মাকে বলে, ‘ওদের কথার কোনো প্রতিবাদ করো না, ওরা অনেক খারাপ।’ এ ঘটনার পর ইলোরার মা-বাবা এলাকার মুরব্বিদের নিয়ে বিষয়টি রেজাউলের অভিভাবকদের জানান। একদিন বাসায় আসে রেজাউলের মা ও ভাই। রেজাউলের ছোট ভাই জানায়, বিষয়টি সে দেখবে এবং তাদের বলে যে, তার বাবা এখন অসুস্থ। বাবা সুস্থ হলেই তাঁকে বিষয়টি জানানো হবে এবং তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু কার্যত এর কিছুই হয়নি।কী হয়েছিল সেদিনসেদিন সকালে বাবার সঙ্গে স্কুলে যায় ইলোরা। বাবা তাকে গেটের ভেতরে দিয়ে আসেন। অন্যসব দিনের মতোই ছুটির পর মা তাকে আনতে যান। অন্যদিন ছুটির পর মাকে সে পাগল করে তোলে আইসক্রিম, ফুচকা বা আচারের জন্য। কিন্তু সেদিন যেন কেমন চুপচাপ ছিল ইলোরা, জানালেন ইলোরার মা হালিমা নিজাম। বাসায় এসে স্কুল ড্রেস পরিবর্তন করেই ঘর গোছাতে লেগে যায় সে। ইলোরার মা জানান, ও সব সময়ই আমার সঙ্গে বসে ভাত খায়। কিন্তু সেদিন সে কেন জানি এমন করছিল, ডাকার পরও আসছিল না। বলল, পরে খাব আমি। আমরা সবাই খাওয়া শেষ করে শুয়ে পড়ি। সামনের ঘরটি থেকে হঠাৎ করেই একটা চিৎকার শোনা যায়। আমার সেজো মেয়ে অনিই শুনতে পায়। সে দৌড়ে যায় সেখানে। গিয়ে দেখে মেঝেতে শোয়া অবস্থায় কাতরাচ্ছে ইলোরা। সেই ঘরের বিছানায় ঘুমাচ্ছিলেন ওদের বাবা। অনি চিৎকার দিয়ে ডাকে সবাইকে। ঘরে যেতেই ইলোরা আমাকে বলে, মা, আমার খুব খারাপ লাগছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মেয়েকে জড়িয়ে ধরতেই ইলোরার মুখে কীটনাশকের গন্ধ পান হালিমা।ইলোরা এখন শুধুই স্মৃতিসব সময়ই পরিপাটি থাকতে ভালোবাসত ইলোরা। ঘরে কাজের লোক থাকলেও নিজের কাপড়চোপড় নিজেই পরিষ্কার করত। মৃত্যুর কিছুক্ষণ আগেও নিজ হাতে গুছিয়েছিল ঘর। এখনও সে রকমই পরিপাটি আছে ঘরের পড়ার টেবিল, বিছানা, ওয়ারড্রোবটি। খুব সুন্দর সেলাইয়ের কাজ করতে পারত ইলোরা। চুমকি দিয়ে একটি শাড়ি তৈরি করেছিল মায়ের জন্য। কিন্তু ব্লাউজের কাজ শেষ না হওয়ায় মা পরতে পারেননি সেই শাড়িটি। পেনসিলে নকশা করা সেই ব্লাউজটি এখনো পড়ে আছে ইলোরার ড্রয়ারে। খুব সুন্দর করে কাপড় ইস্ত্রি করতে পারত ইলোরা। কিছুদিন আগে ময়মনসিংহে মামার বাড়িতে বেড়াতে গেলে মামি তার একটি দামি শাড়ি লন্ড্রিতে পাঠাতে চাইলে ইলোরা সেই শাড়িটি নিজ হাতে ইস্ত্রি করে দেয় এবং এর বিনিময়ে মজা করে ২০ টাকা পারিশ্রমিক চায়। মামি সেই টাকা দিলেও সেটা সেখানেই রেখে আসে সে। মামি যত্ন করে রেখে দেন সেই টাকা। ভাবেন ঢাকায় গেলে ইলোরাকে দেবেন। সেই টাকা হাতে নিয়ে কেঁদে ওঠেন তিনি। বলেন, তুই এ কী স্মৃতি রেখে গেলি আমার কাছে? সেদিন যে জুতা পরে ইলোরা স্কুলে গিয়েছিল, সেই জুতায় এখনো রয়েছে তার পায়ের ছাপ, সেই জুতা জোড়া কাউকেই ধরতে দেন না ইলোরার মা। ধরলেই যদি ইলোরার পায়ের ছাপ চলে যায়। এভাবেই ঘরের কোনায় কোনায় ছড়িয়ে থাকা ইলোরার স্মৃতিগুলো দেখে ডুকরে কেঁদে ওঠেন ইলোরার মা। আর বলেন, ‘মারে, আমাকে ছাড়া তুই কীভঅবে আছিস!’ বখাটেদের অত্যাচারে মানসিক চাপ সইতে না পেরে একে একে চলে যাচ্ছে মেয়েরা। মৃত্যুর পর সংবাদ হচ্ছে। ইলোরাও চলে গেল।