ইলোরার আত্মহত্যা: রেজাউল করিম গ্রেপ্তার
উম্মে কুলসুম ওরফে ইলোরাকে উত্ত্যক্তকারী রেজাউল করিমকে (১৯) গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।উল্লেখ্য, রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ইলোরা (১৪) বখাটের উত্ত্যক্ততা সহ্য করতে না পেরে গতকাল শনিবার বিকেলে খিলগাঁওয়ের বাসায় বিষ পান করে আত্মহত্যা করে।রাত পৌনে একটায় খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে। ইলোরার বাবা বাদী হয়ে রেজাউলের নামে খিলগাঁও থানায় মামলা করেন। প্রতিবেশী সূত্রে জানা যায়, রেজাউল তাঁর মা-বাবার অবাধ্য সন্তান। সে রাতের বেলায় ছিনতাই করে এবং দিনের বেলা প্রায়ই স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেজাউলের কাছ থেকে আরও তথ্য বের করার জন্য তাঁরা রিমান্ডের আবেদন জানিয়েছেন। তাঁরা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন, ইলোরা উত্ত্যক্ত হওয়ার কারণেই বিষ পান করে আত্মহত্যা করে।