গত বছরের ডিসেম্বরে সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমদ ও সেনাবাহিনীর মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হককে খুঁজে বের করতে নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি সেনাবাহিনীর একটি দল পর্যবেক্ষণ করছে। সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠক শেষে কমিটির সদস্য মঞ্জুর কাদের কোরাইশী প্রথম আলোকে বলেন, ‘সংসদীয় কমিটি ইশরাক আহমেদ ও জিয়াউল হককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। ষড়যন্ত্রকারীরা যদি বিদেশেও পালিয়ে গিয়ে থাকে, তাহলে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে কমিটি সেনাবাহিনীকে পরামর্শ দিয়েছে।’ কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, গত ৪ এপ্রিল সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ অনুসারে ইশরাক আহমেদকে দ্রুত গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে বেসামরিক আদালতে আইনি কার্যক্রম পরিচালনার জন্য খসড়া এজাহার সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়েছে। পলাতক ষড়যন্ত্রকারী জিয়াউল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১৮ মার্চ পুলিশ ও র্যাব সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা যাতে সমুদ্রপথে চলাচল করতে না পারে, সে জন্য বাংলাদেশের উপকূলীয় সমুদ্র এলাকা ও বন্দরগুলোতে নৌবাহিনীকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। আরও জানানো হয়, আইনি অপকৌশলের মাধ্যমে দুই ষড়যন্ত্রকারী যাতে অব্যাহতি না পায়, সে জন্য অভিজ্ঞ আইনজীবীর পরামর্শও গ্রহণ করা হচ্ছে। সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার উদ্ধৃতি দিয়ে কার্যপত্রে বলা হয়েছে, ইশরাক বর্তমানে থাইল্যান্ডে আছেন। তবে গোপনীয়তা রক্ষার্থে হালনাগাদ তথ্য বলা সম্ভব নয়।কমিটির সভাপতি এম. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মঞ্জুর কাদের কোরাইশী অংশ নেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী।