ইশারা ভাষায় মনের কথা
টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে সংবাদ আর সংবাদ যিনি পড়ছেন, তাঁর পাশেই ছোট পরিসরে হাত নেড়ে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন একজন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং কয়েকটি বেসরকারি টেলিভিশনে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য সংবাদ পরিবেশনের এমন উপায় চোখে পড়ে। বেসরকারি টেলিভিশন দেশ টিভিতে ইশারায় সংবাদ উপস্থাপনের কাজটি করছেন সোনিয়া জেরিন ও বদরুন নাহার। নিজেরা কথা বলতে ও শুনতে পারলেও তাঁদের দুজনেরই বাবা, মা বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁরা ইশারা ভাষাটা আয়ত্ত করেছেন। তাঁদের চেষ্টাই থাকে কীভাবে প্রতিবন্ধীদের জন্য দেশ-বিদেশের সর্বশেষ খবর পরিবেশন করা যায়। আর এই দুজনের মধ্যে আছে বেশ কিছু মিল। তাঁদের দুই পরিবারের সঙ্গে কাটে কিছুটা সময়।সবে সন্ধ্যা নেমেছে। মিরপুর ১১ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটা খুঁজে পেতে বেগ পেতে হলো না। ছুটির দিন বলে বাড়িতে সবাইকে পাওয়া গেল। সোনিয়া জেরিনের পরিবারে আছেন বাবা শওকত আলী, মা শেফালী শওকত ও ছোট ভাই সাজ্জাদ হোসেন। সোনিয়া পড়ছেন ইডেন মহিলা কলেজে প্রাণিবিদ্যা বিভাগে তৃতীয় বর্ষে। আর পাশাপাশি সপ্তাহে তিন দিন টেলিভিশনে ইশারা ভাষায় সংবাদ উপস্থাপন করেন। পড়াশোনার হাতেখড়ি হয়েছে নানির কাছেই। সোনিয়া বলেন, ‘ছোটবেলায় নানি আমাকে নিয়ে আসেন। নানির কাছ থেকেই প্রথম বুলি শেখা। তবে ইশারা ভাষাটা কিন্তু মায়ের কাছ থেকেই শেখা। এটাও তো একটা ভাষা। আর তাই মাকেই প্রথম শিক্ষক মনে হয়।’ সোনিয়া যোগ করেন, ‘মা-বাবা যে প্রতিবন্ধী তা খুব বেশি অনুভব করিনি। কারণ, আমার তো কথাই হয়, কিন্তু তা একটু অন্যভাবে। তবে একবার খুব মন খারাপ হয়েছিল, যখন দেখলাম বন্ধুরা মায়ের সঙ্গে কথা বলছিল নানা বিষয়ে অথচ আমি তা পারছিলাম না। কিন্তু এখন আর তেমন খারাপ লাগে না।’ সোনিয়ার সঙ্গে কথা বলার সময় আমার প্রতিটি কথাই তিনি ইশারায় বাবা-মাকে বুঝিয়ে দিচ্ছেন। মায়ের সঙ্গে ইশারায় গল্প হলেও বাদ যান না বাবা। সোনিয়া জেরিন বলেন, ‘বাবা তো আমার খুব ভালো বন্ধু। বাবার উৎসাহে ইশারা ভাষার তিন মাসের একটি কোর্স করি। এর পরই সংবাদ উপস্থাপনের সুযোগ আসে। তবে মা সব সময়ই ভাবতেন, আমাকে টিভিতে দেখবেন। পেয়েও যাই একটা সুযোগ। তাই প্রস্তাবটা লুফে নিই।’ পড়াশোনা শেষ করে কী করবেন—এমন প্রশ্নে বলেন, ‘নিজের পায়ে দাঁড়াতে চাই। অবশ্যই খুব ভালো কিছু করতে চাই।’ এবার মায়ের কাছে প্রশ্ন, ‘মেয়েকে কোন পর্যায়ে দেখতে চান?’ হেসে ইশারায় বুঝিয়ে দেন, ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে। এটা নাকি অনেক বড় চাকরি। আর সোনিয়া জেরিন কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান? এবার একঝলক হাসি, ‘হ্যাঁ, মায়ের স্বপ্ন পূরণের পথেই এগিয়ে যেতে চাই। প্রতিবন্ধী দম্পতিদের সন্তান সফল এবং স্বাবলম্বী হতে পারে, এটাই আমি প্রমাণ করতে চাই।’৪৭/এ কুলোটোলা, পুরান ঢাকার গলির পথ চিনতে কিছুটা সময় লাগল। সিঁড়ি ভেঙে যখন ঘরে পা রাখি, ক্লান্তি অনেকটাই চলে গেল বদরুন নাহারের বাবা শাহ বাবুল আহম্মেদ ও মা নাজমা বেগমের অভ্যর্থনায়। বদরুন নাহার পড়ছেন বদরুনন্নেছা মহিলা কলেজে অর্থনীতিতে চতুর্থ বর্ষে। কাজ করছেন দেশ টিভিতে ইশারায় সংবাদ উপস্থাপনার।পাশাপাশি তিনি বাংলাদেশ বধির সংস্থার প্রশিক্ষক ও দোভাষী।বদরুন নাহার বলেন, বাবা টাইফয়েডে আক্রান্ত হয়ে এবং মা জন্মের পর থেকেই বধির। তাই আমার ছোটবেলা কেটেছে নানির কাছে। অবশ্য আমার ছোট ভাই বাবা-মায়ের কাছেই থেকেছে। ঘরেই যেহেতু ইশারা ভাষার ব্যবহারটা করি, তাই ভাষাটা আরও ভালোভাবে রপ্ত করতে বাবা ইশারা ভাষা শেখার তিন মাসের কোর্স করার পরামর্শ দেন। এর পরই সুযোগ আসে টেলিভিশনে কাজ করার। এখানে সপ্তাহে দুই দিন টেলিভিশনে সংবাদ উপস্থাপনের কাজ করি। বাকি দিনগুলো বধির সংস্থায়। বাবা বাংলাদেশ ক্রীড়া বধির ফেডারেশনের প্রতিষ্ঠাতা। বাবার স্বপ্ন হলো, পড়াশোনাটা যেন শেষ করি। সব ধরনের কাজেই সহায়তা দেন। বাবা আমার খুব ভালো বন্ধু। তিনি চান আমি যেন মানুষের মতো মানুষ হই। আর বধিরদের নিয়ে ইশারা ভাষা শেখানোর কাজ করছি, এতে বাবা খুবই খুশি।’ যখন মেয়েকে দেখেন সংবাদ উপস্থাপন করতে, তখন বাবা শাহ বাবুল আহম্মেদ অনেক বেশি আবেগাপ্লুত হন। আর মায়ের চাওয়া? এবার বদরুন নাহার উত্তর দেন, ‘আমার মা তো মাটির মানুষ। এত ভালো মানুষ হয় না। প্রতিবন্ধীদের সন্তান হয়েও যত দূরে পৌঁছাতে পেরেছি, তাতেই খুশি। সব সময়ই চাই, বাবা-মায়ের মুখের এই হাসি যেন চির অমলিন থাকে। আমার নিজেরও ইচ্ছা আছে এই ভাষা নিয়ে কাজ করার। যারা কথা বলতে পারেন, তাঁরাও এই ভাষাটা শিখলে পরে কাজে দেবে বলে মনে করেন তিনি।