ইশ্, হচ্ছে না!
ফর্ম বিবেচনায় এই সময় বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে? তামিম ইকবাল। যে সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে ১৬ জনকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন দিয়েছে আইসিসি, সেই ২৪ আগস্ট ২০০৯ থেকে এ বছর ১০ আগস্ট পর্যন্ত ৭ টেস্টে তামিমের রান ৮৩৭। গড় ৫৯.৭৮! ওই সময়ে শচীন টেন্ডুলকারের রান ১০ টেস্টে ১০৬৪। ১০টি টেস্ট খেলতে পেলে টেন্ডুলকারকেও হয়তো ছাড়িয়ে যেতে পারতেন তামিম! না, একদম বাড়িয়ে বলা হচ্ছে না। নিচের তালিকাটির দিকে দেখুন, এ বছর ৭ টেস্টে টেন্ডুলকার করেছেন ৮৬৭ রান। সমান টেস্টে তামিমের রান তাঁর চেয়ে ৩১ কম। এ বছর এখন পর্যন্ত বেশি রান করেছেন ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট। ৮৮০ রান করেছেন তামিমের চেয়ে তিনটি টেস্ট বেশি খেলে। বছর শেষে এই তালিকার সেরা দশে হয়তো খুঁজেই পাওয়া যাবে না তামিমকে। কারণ, এ বছর তো নয়ই, ২০১১ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটসূচিতে কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের। এত কাছাকাছি এসেও এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রান করতে না পারার আক্ষেপ হওয়ারই কথা তামিমের। ক্রিকইনফো।