ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবুর্চি (কুক বা মশালচি), পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ও পিয়নের মতো চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সাংসদেরা অন্তত ৫০ জনের নামে সুপারিশ করেছেন। এর বাইরে স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা (বিএমএ) প্রায় ১০০, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় ১০০, হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের নেতারা ২০, হাসপাতালের কর্মকর্তারা তিন এবং কয়েকটি দৈনিক পত্রিকার সাংবাদিকেরা আটজনের জন্য সুপারিশ করেছেন। মৌখিক পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগ করা হবে মাত্র ১৭১ জন। আর সুপারিশ এসেছে ২৮১ জনের জন্য। হাসপাতালের প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।সরকারের অন্তত আটজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, তিনজন সাংসদসহ কয়েকজন প্রভাবশালীর সুপারিশপত্র পর্যালোচনা করে দেখা যায়, তাঁদের বেশির ভাগ নির্দিষ্ট লোককে চাকরি দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। আবার কয়েকজন প্রার্থীর সাক্ষাত্কারপত্রের সঙ্গে কারও কারও ভিজিটিং (পরিচিতি) কার্ড সংযুক্ত করে দেওয়া আছে। সাক্ষাত্কারপত্রের ওপর হাসপাতাল কর্তৃপক্ষও কারা কারা তাঁর জন্য ফোন করেছেন, তা লিখে রেখেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই নিয়োগপ্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে অনিয়মের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার হাসপাতালে চাকরিপ্রার্থীরা বিক্ষোভও করেন। পরিচালকসহ নিয়োগ কমিটির সদস্যরা পুলিশের সহায়তায় রাতে হাসপাতাল ছেড়ে যান।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ১৭১টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর পরীক্ষার সাক্ষাত্কারপত্র ছাড়া হয়। ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষা শুরু হয়। এমএলএসএস পদে ৯৮ জন, সুইপার ৩২, কুক বা মশালচি ১৭, নিরাপত্তাকর্মী ১৫, গাড়িচালক পদে তিন, লিলেনকিপার (চাদর, মশারির রক্ষক) ও টেকনিশিয়ান পদে দুজন করে, ফটোগ্রাফার এবং টেলিফোন অপারেটর পদে একজন করে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানা গেছে, এই পদের বিপরীতে প্রায় ২১ হাজার আবেদনপত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ছয় হাজারের মতো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের নিয়োগ কমিটির সভাপতি।নথিপত্রে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নামে লেখা সুপারিশপত্রে বলা হয়, ‘প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের ভাই, আস্সালামু আলাইকুম।...পত্রবাহক আওয়াল মিয়া, ক্রমিক নং-২৩, আমার বিশেষ পরিচিত। জানামতে তার স্বভাব-চরিত্র ভালো। সে কুক বা মশালচি পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছে। তাকে উক্ত পদে নিয়োগের ব্যবস্থা করতে জোর সুপারিশ করছি।’ আওয়াল মিয়ার সাক্ষাত্কারপত্রের ওপরও আইন প্রতিমন্ত্রীর সুপারিশ আছে। অন্য সবার লেখা সুপারিশের ভাষা প্রায় একই ধরনের।প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে জানা যায়, তিনি দেশের বাইরে আছেন।বাবুর্চি বা মশালচি) পদে নূরে আলমের (ক্রমিক নম্বর ৩১৬) জন্য সুপারিশ করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। সুপারিশপত্র ছাড়াও সাক্ষাত্কারপত্রের ওপর হাসপাতাল কর্তৃপক্ষ লিখে রেখেছে, বাণিজ্যমন্ত্রী পরিচালককে ফোন করেছেন।যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তাদের এই কাজটি করতে হয়। যাদের ভোট পেয়ে আমরা নির্বাচিত হয়েছি, তাদের জন্যই আমাদের এটা করতে হয়। একে খারাপ ভাবা ঠিক নয়। আমেরিকায়ও সুপারিশ (রেফারেন্স) ছাড়া কোনো চাকরি হয় না।’সুইপার পদে রাজু মিয়ার (ক্রমিক নম্বর ৫৩৫) জন্য সুপারিশ করেছেন সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।এমএলএসএস পদে চাকরিপ্রত্যাশী সাইফুল ইসলামের জন্য সুপারিশ করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ওই সুপারিশপত্রের ওপর হাসপাতাল কর্তৃপক্ষ লিখেছে, ‘নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, হুইপ মো. মুজিবুল হক, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মতিউর রহমান হাসপাতালের পরিচালককে ফোন করেছেন।’ সুপারিশপত্রের সঙ্গে মন্ত্রী শাজাহান খান, সাংসদ মতিউর রহমান, সংসদের হুইপ মুজিবুল হকের ভিজিটিং কার্ড সংযুক্ত করা আছে। আবার সাক্ষাত্কারপত্রেও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সুপারিশ আছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সুপারিশের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এখন রাজনৈতিক সরকার ক্ষমতায়। লোকজন আমাদের কাছে আসে। আমরা সুপারিশ করি। যাঁরা নিয়োগকর্তা, তাঁরা মানদণ্ড বিচার করে নিয়োগ দেবেন।’নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘পাবলিক ভোটে নির্বাচিত হয়েছি। পাবলিক তো আসবেই। তাদের না করা যায় না। তবে কারও জন্য সুপারিশ করলেও চাকরি দিতে হবে বলি না, কিংবা চাপও সৃষ্টি করি না। কর্তৃপক্ষের কাছে সম্ভাব্য সহযোগিতা কামনা করা হয়।’ তিনি বলেন, ‘তবে এখন থেকে না চিনলে আর কারও জন্য সুপারিশ করব না। হিসাব-নিকাশ করেই সুপারিশ করব। না হলে কঠিন অবস্থায় পড়তে হবে।’মশালচি পদে আলমগীর হোসেনের (ক্রমিক নম্বর ৩১৮) জন্য লিখিত সুপারিশ করেন মত্স্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। সুপারিশপত্রে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে লেখা হয়েছে, ‘মত্স্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিচালককে ফোন করেছেন।’ এই সাক্ষাত্কারপত্রে সুপারিশ আছে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদের।এমএলএসএস পদে জসিমউদ্দিনের নিয়োগ পরীক্ষার সাক্ষাত্কারপত্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের ভিজিটিং কার্ড সংযুক্ত করা আছে।নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) মো. সজলের (ক্রমিক নম্বর ৬৬) চাকরির জন্য সুপারিশ করেন সাংসদ ফজলে নূর তাপস, স্বাচিপের নেতা ইকবাল আর্সলান। সুপারিশপত্রের সঙ্গে ইকবাল আর্সলান ও সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) জেনারেল আবু মোহাম্মদ আসলামের ভিজিটিং কার্ড সংযুক্ত করা আছে।নিরাপত্তাকর্মী আরিফ হোসেনের (ক্রমিক নম্বর ৩৩৬) চাকরির জন্য সুপারিশ করেছেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। সুপারিশপত্রের সঙ্গে জনাব খন্দকারের মন্ত্রণালয়ের ভিজিটিং কার্ড সংযুক্ত করা আছে। সুপারিশপত্রে হাসপাতাল কর্তৃপক্ষ লিখেছে, মেজর বরেণ ফোন করেছেন। সাক্ষাত্কারপত্রের ওপর তাঁর সুপারিশও আছে।গত ২৩ ডিসেম্বর চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগে চাকরিপ্রত্যাশীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেন। এক আবেদনকারী আলমগীর হোসেন এমএলএসএস ও সুইপার পদে নিয়োগপ্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনও করেন। রিট আবেদনে ওই দুটি পদে পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। নিয়োগপ্রক্রিয়া নিয়ে ওঠা এসব অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেনকে। মহাপরিচালক প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে তিনি কথা বলছেন।হাসপাতালের পরিচালক বজলে কাদের প্রথম আলোকে বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা হবে। তিনি বলেন, যাঁদের আবেদনে ভুল ছিল, কেবল তাঁদের দরখাস্তই বাতিল হয়েছে।