ইসমাইল বাবুর্চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবুর্চির কাজ করেন ইসমাইল মির্জা। বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জের মনুয়া গ্রামে। এখন থাকেন ঢাকার মানিকনগরে। ঢাকায় আছেন প্রায় ৩৫ বছর। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন ইসমাইল মির্জা। সেই বিদ্যায় ঢাকায় এসে কোনো কাজ জোটাতে পারেননি বলে কখনো রিকশা চালিয়েছেন, কখনো মিনতির কাজ করেছেন। পরে জোটালেন বাবুর্চির কাজ।ইসমাইল মির্জা প্রায় ২০ বছর গেন্ডারিয়ার সামাদ বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেছেন। সেই পাট সাত বছর আগেই চুকেছে। এখন ইসমাইল নিজেই পাকা বাবুর্চি। তাঁর সহকারী আছেন একজন, সেই সঙ্গে দুজন নারী। এই নারীরা থালা-বাসন মাজা, মাংস কাটা-বাছা আর মসলা পেষার কাজ করেন। সেই বাবদ খাওয়া-যাতায়াতের খরচ ছাড়াও ১৫০ থেকে ২০০ টাকা দিতে হয় দুজনকে।গুঁড়া মসলার এই যুগে বাটা মসলা কেন? ইসমাইলের জবাব, বাটা মসলার রান্না খেতে ভালো হয়। গুঁড়া মসলার রান্না অতটা মজা হয় না। বিয়েবাড়ির রান্না নিয়ে বলেন, ১০০ জন লোকের খাওয়া তৈরি করতে ২৫টি মুরগি, ৩০ কেজি খাসির মাংস, ১৫ কেজি চাল ও ২০ কেজি রেজালার (গরু) মাংস লাগবে। বোরহানি বানাতে লাগবে ৩০ কেজি টকদই। দইটা যত ভালো হবে বোরহানিটা তত ভালো হবে। সঙ্গে লাগবে পুদিনাপাতা, বিট লবণ, সাদা সরিষা। এসব মাপমতো মিলিয়ে তারপর হয় সুপেয় বোরহানি।রান্নাবান্নাটা হচ্ছে কাণ্ডজ্ঞানের ব্যাপার। যে যত কাণ্ডজ্ঞান খাটিয়ে রান্না করবে, তত ভালো রান্না হবে। ওটাই হলো হাতের যশ। ইসমাইলের ধারণা, দেশে বাবুর্চির সংখ্যা অনেক। কেননা তাঁর এলাকায়ই রয়েছেন প্রায় ২৫ জন। তাঁদের কেউ কেউ বেশ ভালোই রান্না করেন। তবে তাঁর মতে, ঢাকার সেরা বাবুর্চি পল্টনের আনন্দ ভবনের বিল্লাল বাবুর্চি। এখন বিল্লাল বাবুর্চির রেটই সবচেয়ে বেশি। ইসমাইল প্রতি রান্নায় এক হাজার ৫০০ টাকা নেন। তাঁর ভিজিটিং কার্ড দেওয়া আছে বিভিন্ন ডেকোরেটরের দোকানে। প্রয়োজন হলেই ডাক পড়ে। ইসমাইলও ডেকোরেটরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তিনি জানান, দাওয়াতে আসা মানুষ খাওয়ার ব্যাপারে এখন অনেক সতর্ক হয়েছে। তবে বেশির ভাগই খেতে বসে লোভ সামলাতে পারে না, বেশি খেয়ে ফেলে। অনেক পার্টি তেল-মসলা বেশি দিতে বলেন, যাতে মানুষ বেশি খেতে না পারে। অথচ দাওয়াতির গাল খেতে হয় বাবুর্চিকে। অল্প কিছু পার্টি থাকেন, যাঁরা খাবারটা ভালো চান। সবাই আবার ডেকোরেটরের বাবুর্চি দিয়ে রান্নাও করায় না। পার্টি অনেক সময় নিজেদের পছন্দমতো বাবুর্চি নিয়ে এসে তাঁকে দিয়েই রান্নাটা করান। ইদানীং কেউ কেউ টিভি-রেডিওতে রান্নার অনুষ্ঠান দেখে নিজেরাই তদারক করে রান্না করান। শীতের সময় বৃহস্পতি-শুক্র এই দুই দিন বিয়ের অনুষ্ঠান বেশি হয়। দুই থেকে আড়াই মাস লাগাতার বিয়ের অনুষ্ঠান লেগে থাকে। আর অগ্রহায়ণ থেকে জ্যৈষ্ঠ মাসে থাকে মুসলমানির অনুষ্ঠান। মাঝেমধ্যে জন্মদিন, কুলখানির কাজও পাওয়া যায়। ইসমাইল বলেন, ‘এ বছর টানা দুই থেকে আড়াই মাস বিয়ের রান্না করেছি। তবে এখন হাতে কোনো কাজ নেই বললেই চলে।’ জানান, আজকাল সবকিছুতেই খরচ বেড়ে গেছে। পয়সার ভয়ে মানুষ অনুষ্ঠানও করতে চায় না। আগে ১০০ জন মানুষ খাওয়াতে আট থেকে ১০ হাজার টাকা হলেই হয়ে যেত। অথচ এখন ৩০ হাজারেও কুলানো যায় না। অনেকেই এসে আলাপ করে যান, কিন্তু খরচের জন্য শেষ পর্যন্ত আর অনুষ্ঠান করতে পারেন না। প্রায় এক মাস ধরে বসে আছেন, হাতে কোনো কাজ নেই। বউ-বাচ্চা আছে, দেশে মা-বাবা আছেন। তাঁদেরও কিছু কিছু খরচা দিতে হয়। সে জন্য বস্তিতে একটা শাড়ির দোকান দিয়েছেন ইসমাইল। ২৫ হাজার টাকা পুঁজি খাটিয়েছেন। তাঁর দোকানে শাড়ি আছে ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। লুঙ্গিও আছে। এগুলো হলো গরিব মানুষের কাপড়। তাই খদ্দেরদের কাছে দাম বাকি পড়ে থাকে প্রায়। লাভ অবশ্য খারাপ হয় না, মাস শেষে প্রায় দুই থেকে তিন হাজার টাকা থাকে। ঘরে তাঁর তিন সন্তান আছে। বড় ছেলে সুজন, ১৬ বছর বয়স। তবে এ বয়সেই বিয়ে করিয়ে দিয়েছেন তিনি। কারণটা বললেন, ‘এই বস্তির মেয়েদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, সিনেমা দেখতে যায়, এটা-ওটা কিনে দেয়। এই নিয়ে নানা কথা হয় বস্তিতে। সে জন্যই বিয়ে করিয়ে দিয়েছি। এখন সে বাসের হেলপারি করে। সকালে যায়, রাতে বাসায় ফেরে। কোনো আওয়াজ নাই।’ছেলের বউটাও গার্মেন্টসে চাকরি করে। আট মাস বয়সী নাতনিটাকে নিয়ে ভালোই সময় কাটে ইসমাইলের। বাবুর্চি মানুষ, নিজের ঘরে রান্না করেন কি না সে কথায় জবাব দিলেন, ‘বাসায় মাঝেসাঝে রান্নাবান্না করি, তাও মাংসটাংস হলে। শাক-শুঁটকি রাঁধতে ভালো লাগে না। তাই বউই রাঁধে, আমরা তার রান্নাই খাই।’