ইসমাইলের পরিবার র্যাবের বিরুদ্ধে মামলা করবে
মুন্সিগঞ্জ থেকে উদ্ধার হওয়া দুটি লাশের একটি ইসমাইল হোসেনের বলে শনাক্ত করে ঢাকায় নিয়ে এসেছেন তাঁর স্বজনেরা। আরেকটি লাশ মুন্সিগঞ্জে মর্গে আছে।ইসমাইল রাজধানীর হাতিরপুল থেকে নিখোঁজ হওয়া তিন যুবকের মধ্যে একজন। তাঁর স্বজনেরা জানিয়েছেন, হত্যার অভিযোগে তাঁরা র্যাবের বিরুদ্ধে মামলা করবেন।গত ২৮ নভেম্বর রাজধানীর হাতিরপুল থেকে নিখোঁজ হয়েছিলেন ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা ইসমাইলসহ তিনজন। বাকি দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সূর্য সেন হল ছাত্রদলের নেতা শামীম হাসান সোহেল ও ইলেকট্রনিকস ব্যবসায়ী মাসুম হোসেন। শামীম ও মাসুমের স্বজনেরা গতকাল মুন্সিগঞ্জ মর্গে গেছেন। কিন্তু বাকি লাশটি শনাক্ত করা যায়নি। মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক সুলতানউদ্দীন জানিয়েছেন, বাকি লাশটি আজ রোববার দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মীদের কাছে দেওয়া হবে। ঢাকা থেকে তিন যুবকের পরিবার এসে লাশ পরীক্ষা করে গেছে। তাঁদের মধ্যে একজনের পরিবারের কাছে লাশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ধলেশ্বরী নদীতে ভেসে ওঠে সিমেন্টের বস্তা বাঁধা লাশ দুটি।গতকাল বিকেলে হাতিরপুলের বাসায় ইসমাইলের লাশ আনা হলে হূদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় মসজিদে জানাজা শেষে লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। ইসমাইলের মামা আবদুল খালেক বলেন, ‘নিখোঁজ হওয়ার এক মাস আগে হত্যার হুমকির কথা উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছিল ইসমাইল। যারা হুমকি দিয়েছে, তারাই র্যাব-৩-এর মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমরা মনে করি।’ তিনি বলেন, ‘পারিবারিক বৈঠকে আলোচনার পর র্যাবের বিরুদ্ধে আমরা মামলা করব।’ র্যাব-৩-কে দায়ী করার কারণ জানতে চাইলে আবদুল খালেক বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে ইসমাইল, শামীম ও মাসুম হাতিরপুল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পাশেই একটি হোটেলে ছিলেন র্যাব-৩-এর সোর্স আবদুর রহিম ওরফে টোন্ডা রহিম। টোন্ডা রহিম ছাড়াও ওই তিনজনের আশপাশে কয়েকজন লোক ঘোরাফেরা করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সাদা পোশাকে অস্ত্রধারীরা তিনজনকে উঠিয়ে নেওয়ার পর তাঁদের আর দেখা যায়নি। তিনি দাবি করেন, এর পরে টোন্ডা রহিম সাত লাখ টাকার বিনিময়ে ইসমাইলসহ তিনজনের সন্ধান পাইয়ে দেবেন এমন আশ্বাস দিয়েছিলেন। এ জন্য তিনি গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মিরপুর টোলারবাগে একজনের বাসায় নিয়ে যান। গতকাল লাশ আনার পর টোন্ডা রহিমের একজন আত্মীয় ফোন করে জানায়, ইসমাইলসহ তিনজন বেঁচে আছেন। মামলার প্রয়োজন নেই।অভিযোগের বিষয়ে জানতে চাইলে র্যাব-৩-এর ভারপ্রাপ্ত অধিনায়ক এমারত হোসেন বলেন, ইসমাইল হোসেন, শামীম হাসান ও মাসুম হোসেন নামের কাউকে র্যাব গ্রেপ্তার করেনি। টোন্ডা রহিম নামে র্যাব-৩-এর কোনো সোর্সও নেই। তিনি বলেন, ‘প্রমাণ ছাড়া কেউ মামলা করলে পাগলের প্রলাপ ছাড়া কিছুই হবে না।’স্বজনদের আহাজারি: বাসায় ইসমাইলের লাশ আনার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ‘আমার বুকটা যারা খালি করল, আমি তাদের বিচার চাই’ বলে বিলাপ করছিলেন মা শিরিন আক্তার। কাঁদতে কাঁদতে ইসমাইলের স্ত্রী বিউটি আক্তার বলেন, তাঁদের একমাত্র সন্তান চতুর্থ শ্রেণীর ছাত্র ইসহাক সিয়াম বাবা হারানোর শোক ও আতঙ্কে বার্ষিক পরীক্ষা দিতে পারেনি।