ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার গোপন নথি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ইসরাইল-ফিলিস্তিনের শান্তি আলোচনাসংক্রান্ত গোপন নথি প্রকাশ করেছে কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন। তবে কাতারভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটির প্রকাশিত তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ফিলিস্তিনি কর্মকর্তারাই। আল-জাজিরার ফাঁস করা নথির সূত্রে জানা যায়, পূর্ব জেরুজালেমে ইসরাইলের বেআইনিভাবে দখল করা জায়গার একটি বড় অংশ ফিলিস্তিন ইসরাইলকে ছেড়ে দিতে চাইলেও ইসরাইল নাকি তা মানেনি। তবে ইসরাইল ও ফিলিস্তিন শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী সায়েব ইরেকাত এই তথ্যের পুরোটাকেই ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।আল-জাজিরা জানিয়েছে, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিলিস্তিন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক, ই-মেইল বার্তা ও অন্যান্য তথ্য মিলিয়ে প্রায় ১৬ হাজার ৭৬টি গোপন নথি তাঁদের কাছে রয়েছে। এই তথ্যগুলো ফিলিস্তিনের পক্ষ থেকে ফাঁস করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে, ফাঁস করা তথ্যের ব্যাপারে চ্যালেঞ্জ করে ইরেকাত বলেন, ফিলিস্তিনি নেতাদের কাছে গোপন করার মতো কিছুই নেই। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ফাঁস করা তথ্যের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি জানি না, আল জাজিরা এই গোপন তথ্যগুলো কোত্থেকে পেল। —বিবিসি।