ইসরাইলে কট্টরপন্থী ইহুদি-পুলিশ সংঘর্ষ
নারীদের ক্ষেত্রে সংযত পোশাকসহ তাঁদের ওপর অধিক নিয়ন্ত্রণ আরোপের দাবিতে জেরুজালেমের পার্শ্ববর্তী শহর বেইট-শিমেশে বিক্ষোভরত কট্টরপন্থী ইহুদির সঙ্গে আজ মঙ্গলবার পুলিশের সংঘর্ষ হয়। বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং পুলিশ কট্টরপন্থীদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সময় প্রায় ৩০০ কট্টরপন্থী বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ও ডিম নিক্ষেপ করে এবং রাস্তার ডাস্টবিনগুলোতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলে উদারপন্থী ও কট্টরপন্থী ইহুদিদের মধ্যকার বাগবিতণ্ডা এখন একটি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘কঠোর লিঙ্গবৈষম্য ও নারীদের জন্য সংযত পোশাক’ এ বিষয়গুলো নিয়ে তারা নিয়মিতভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে।টেলিভিশন ক্যামেরায় ঘটনাটি ধারণ করার সময় এক সাংবাদিকও আহত হয়েছেন। কট্টরপন্থী ইহুদি বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ফেলে এবং লাঞ্ছিত করে। বিক্ষোভকারীরা ভ্যানের দিকেও পাথর নিক্ষেপ করে। এ নিয়ে গত দুই দিনে সাংবাদিকদের ওপর এটি দ্বিতীয় হামলা।এর আগে গত রোববার দেশটির টেলিভিশন চ্যানেল-২-এর একজন সাংবাদিকের ওপর হামলা চালায় কট্টরপন্থীরা। টিভি চ্যানেলটিতে কট্টরপন্থী ইহুদিরা নারী ও শিশুদের উত্ত্যক্ত করছে এমন অভিযোগের একটি খবর প্রকাশিত হওয়ার পর থেকেই টেলিভিশন সাংবাদিকদের ওপর খেপে উঠেছে কট্টরপন্থীরা।চ্যানেলটির খবরে নামা মার্গোলিজ নামের আট বছরের এক মার্কিন বালিকা অভিযোগ করেছিল যে সে এ উত্ত্যক্তকারীদের কারণে স্কুলে যেতে ভয় পাচ্ছে।গত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর করে লিঙ্গবৈষম্য আরোপের যেকোনো ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। উদার গণতন্ত্রে হয়রানি ও বৈষম্যমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই বলে মন্তব্য করে তিনি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।নামা মার্গোলিজের এ ঘটনা দেশটির মানুষের মনে ধাক্কা দিয়েছে। ঘটনাটির প্রতিবাদে উদারপন্থীদের সক্রিয় কর্মীরা শহরে শোভাযাত্রা করার পরিকল্পনা করছে বলে দেশটির প্রচার মাধ্যমে জানানো হয়। ইহুদিগোষ্ঠীর অনেকেই কট্টরপন্থীদের থেকে নিজেদেরকে আলাদা রাখার জন্য এ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলেও জানা গেছে।ইসরায়েলে কট্টরপন্থী ইহুদিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নিয়মিতই ঘটছে। উল্লেখ্য, দেশটির মাত্র ১০ শতাংশ মানুষ এই গোষ্ঠীর অন্তর্গত; তবে গোষ্ঠীটির মধ্যে উচ্চ জন্মহারের কারণে সংখ্যায় তারা দ্রুত বাড়ছে।