ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়রোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে মিসরের মন্ত্রিসভা। একই সঙ্গে ইসরায়েল থেকে মিসরের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কায়রো। সীমান্তের ইসরায়েল অংশে মিসরের নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হওয়ার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন আজ শনিবার এ কথা জানিয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘মন্ত্রিসভা মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে কায়রোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার দায়িত্ব দিয়েছে।’রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, মিসরীয়দের হত্যার কারণ অনুসন্ধানে মন্ত্রিসভা যৌথ সরকারি তদন্তের দাবি করেছে। এ ছাড়া মিসরের হতাহত নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলেছে মন্ত্রিসভা। মিসরের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে বলা হয়, মন্ত্রিসভা কমিটি ইসরায়েল থেকে মিসরের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ওই ঘটনায় ইসরায়েলের তদন্ত প্রতিবেদন কায়রোর কাছে হস্তান্তর এবং ইসরায়েলি নের্তৃত্ব থেকে দুঃখ প্রকাশ করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইসরায়েল সীমান্তে ইসরায়েলি সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির সময় মিসরের এক সেনা ও দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। তবে নিরাপত্তা কর্মকর্তারা কীভাবে নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। মিসরের এক সেনা কর্মকর্তা জানান, কায়রো গতকাল শুক্রবার ইসরায়েলের কাছে ওই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এ ছাড়া তাদের নিহত হওয়ার কারণ অনুসন্ধানে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্তের দাবি জানানো হয়েছে। গতকাল কায়রোতে ইসরায়েলি দূতাবাসের বাইরে প্রায় ১০০ বিক্ষোভকারী হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সেদিন তাদের সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি হয়েছে। সেনাবাহিনী বিষয়টি যথাযথভাবে তদন্ত করবে। এ ব্যাপারে মিসরকে সর্বশেষ তথ্য জানানো হবে।’ রয়টার্স।