ইসরায়েলি বসতি নির্মাণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিনব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখল করা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ওই ভূমিতে তাঁবু খাটিয়ে প্রতিবাদ জানিয়েছে। জেরুজালেম ও পশ্চিম তীরের মালে আদুমিম এলাকার মধ্যবর্তী একটি স্থানে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। এ এলাকাটি ই১ নামে পরিচিত। বিবিসি জানায়, পপুলার স্ট্রাগল কো-অর্ডিনেশন কমিটি নামে একটি সংগঠন গতকাল শুক্রবার এ প্রতিবাদের আয়োজন করে। সংগঠনের মুখপাত্র আবির কপটি বলেন, ‘আমরা ২০টি তাঁবু টানিয়েছি। সেগুলোতে দীর্ঘদিন থাকার মতো পর্যাপ্ত উপকরণ আমাদের আছে। যত দিন ফিলিস্তিনি মালিকেরা তাঁদের জমিতে বসতি নির্মাণের অধিকার না পাবেন, তত দিন আমরা এখানেই থাকব।’এদিকে তাঁবু নির্মাণের কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পক্ষ থেকে একটি উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে। তবে তাঁবু স্থাপনকারীরা স্থান ছেড়ে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাঁদের নেত্রী কপটি জানান, উচ্ছেদ নোটিশ নাকচ করে দিয়ে হাইকোর্ট তাঁদের পক্ষে একটি আদেশ দিয়েছেন।ই১ এলাকায় ইসরায়েলি বসতি নির্মাণ পরিকল্পনার বাস্তবায়ন দীর্ঘদিন থেমে ছিল। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের কূটনৈতিক মর্যাদা ‘পর্যবেক্ষক ভূখণ্ড’ থেকে ‘ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্র’ হওয়ার পরদিন ইসরায়েল তার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেয়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এক হাজারের বেশি নতুন বসতি নির্মাণ করা হবে। তবে ফিলিস্তিনিরা এর প্রতিবাদ জানিয়ে বলেছে, বসতি নির্মাণের সিদ্ধান্ত সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের বিকাশের ক্ষেত্রে বাধা। যুক্তরাষ্ট্র ওই উদ্যোগকে নেতিবাচক বলেছে। আর ইউরোপের কয়েকটি দেশ এর প্রতিবাদে তাদের দেশে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে।ফিলিস্তিনের তাঁবু নির্মাণের উদ্যোগ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কৌশলেরই প্রতিফলন। ইসরায়েলিরা পাহাড়ের চূড়ায় ছোট ছোট বাড়িঘর বানিয়ে স্থান দখল করত। একইভাবে স্থান দখল করল ফিলিস্তিনিরাও।তাঁবু নির্মাণ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনিদের তাঁবু নির্মাণ ‘উসকানিমূলক’।