ইসরায়েলের ঔদ্ধত্য, পশ্চিমাদের সমালোচনা
ইসরায়েল গতকাল মঙ্গলবার পশ্চিম তীরের দখল করা অংশে এক হাজার ১০০ বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে। পশ্চিমারা ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে শান্তির স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।রয়টার্সের খবরে বলা হয়, গত শুক্রবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন। এ নিয়ে চলমান সংকটের মধ্যেই পশ্চিম তীরের দখল করা অংশে ইসরায়েল বিতর্কিত বসতি নির্মাণের অনুমোদন দিল।যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নতুন করে ইহুদি বসতি নির্মাণ উভয় পক্ষের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর উদ্যোগকে ব্যাহত করতে পারে। বসতি নির্মাণ ইস্যুসহ বিভিন্ন মতভেদের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় এক বছর আগে শান্তি আলোচনা ভেস্তে যায়। শান্তি আলোচনা শুরুর অন্যতম শর্ত হিসেবে আব্বাস ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধ রাখার কথা বলে আসছেন। তবে ইসরায়েল তা করতে অস্বীকৃতি জানানোয় শান্তি আলোচনা ভেস্তে যায়।