ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হতে পেরে গর্বিত: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার ইসরায়েলে পৌঁছেছেন। তিনি সেখানে বলেছেন, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ইসরায়েল-ফিলিস্তিন স্থবির শান্তিপ্রক্রিয়ার কথা উল্লেখ করে ওবামা বলেন, এই পবিত্র ভূমিতে অবশ্যই শান্তি আসতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে করে তেল আবিব পৌঁছান ওবামা। তেল আবিব বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শিমন পেরেজ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট হিসেবে এটাই ওবামার প্রথম ইসরায়েল সফর।আজ দিনের শেষভাগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ওবামা। এরপর স্থানীয় সময় রাত আটটা ১০ মিনিটে এক যৌথ সংবাদ সম্মেলনে হাজির হবেন তাঁরা। আগামীকাল বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীর সফর করবেন ওবামা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন তিনি। মার্কিন কর্মকর্তারা জানান, ফিলিস্তিন ও ইসরায়েলকে শান্তি আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন ওবামা। একই সঙ্গে সিরিয়ায় চলমান যুদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে মার্কিন অঙ্গীকারের বিষয়ে নেতানিয়াহুকে আশ্বস্ত করবেন তিনি।