ইসরায়েলের পাশে নেই ইউরোপ
অনেকটা তীরে এসে যেন তরী ডুবল ইসরায়েলের। জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতে শুরু করে খবর। ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ইসরায়েলের দূতাবাসগুলো জানাতে থাকে, ওই সব দেশের সরকার সিদ্ধান্ত বদলেছে। ভোট দিতে যাচ্ছে ফিলিস্তিনকে।ইসরায়েলি দৈনিক ‘হারেত্স’-এ প্রকাশিত খবরে জানা গেছে, ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই জেরুজালেমের কর্মকর্তারা জেনে যান, যুক্তরাষ্ট্র, কানাডা ও চেক প্রজাতন্ত্র ছাড়া ইসরায়েল আর কোনো পশ্চিমা দেশের সমর্থন পাচ্ছে না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ইউরোপকে হারিয়েছি।’জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ইসরায়েল হয়ে পড়ে একেবারেই কোণঠাসা। ইসরায়েলের দিক থেকে ইউরোপের সরে দাঁড়ানোর ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে। ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ কয়েকদিন আগে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনকে সমর্থন দেবে ফ্রান্স।হঠাত্ করে ইসরায়েলের দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের সরে দাঁড়ানোর পেছনে কারণটা কী? নাম প্রকাশ না করার শর্তে জার্মানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে সহায়তা করতে চেয়েছিল জার্মানি। কিন্তু ফিলিস্তিনের সঙ্গে শান্তিপ্রক্রিয়া ফলপ্রসূ করতে যা যা করা দরকার, ইসরায়েল তা করেনি। এ ব্যাপারে জার্মানির অনুরোধও রাখেনি ইসরায়েল। ফিলিস্তিনে একের পর এক ইহুদি বসতি সম্প্রসারণে আপত্তি ছিল জার্মানির। কিন্তু ইসরায়েলের সরকারি কর্মকর্তারা ইহুদি বসতি সম্প্রসারণে একগুঁয়েমি দেখিয়েছেন। আর এ কারণেই জার্মানির সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে ইসরায়েলের।এদিকে ইহুদি বসতি সম্প্রসারণ ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের টানাপোড়েন চললেও ইসরায়েল তা থেকে সরে যায়নি। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দেশটি তিন হাজার নতুন বসতি নির্মাণ করবে। এর আগে ইসরায়েলের সরকারের মুখপাত্র মার্ক রেজেভ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ভোট ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তিপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।