ইসরায়েল অরক্ষিত: ইরানি সামরিক কর্মকর্তা
ইরানের এক সামরিক কর্মকর্তা আজ সোমবার বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলের আকাশে একটি মানববিহীন বিমান বা ড্রোন যেভাবে আকস্মিকভাবে ঢুকে পড়েছে, তাতে এটা প্রমাণিত হয় যে ইসরায়েল অরক্ষিত।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত শনিবার ওই দেশের দক্ষিণাঞ্চলে একটি ড্রোন আকস্মিকভাবে ঢুকে পড়লে তাদের বিমানবাহিনী সেটি ভূপাতিত করে। তবে ড্রোনটি কোথা থেকে এল, তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল।ফার্স বার্তা সংস্থার এক খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সহকারী সমন্বয়ক জামালুদ্দিন আবেরাউমান্দ মনে করেন, এ ঘটনায় এটাই প্রমাণিত হয় যে ইসরায়েলের ‘ক্ষেপণাস্ত্র প্রতিরোধী লৌহবর্ম প্রতিরক্ষাব্যবস্থা’ ‘অকার্যকর ও অক্ষম’। রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ‘ক্ষেপণাস্ত্র প্রতিরোধী লৌহবর্ম প্রতিরক্ষাব্যবস্থা’। গেরিলা যোদ্ধাদের ব্যবহূত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের জবাবে এ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তবে ধীরগতির বিমানের ক্ষেত্রে এটি কাজ করে না। গত মার্চ মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার পর পেন্টাগন দাবি করেছিল, এ ব্যবস্থা ৮০ শতাংশ কার্যকর।ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিতাল লেইবোভিচ বলেন, গাজার নিকটবর্তী এক এলাকায় ক্ষুদ্র আকারের ড্রোনটি প্রথমে চিহ্নিত করা হয়েছিল। পরে ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূমি পশ্চিম তীরের নেগেভ মরুভূমিতে একটি ইসরায়েলি জঙ্গি বিমান এটি ভূপাতিত করে।ইসরায়েলের আইনপ্রণেতা ও সেনাবাহিনীর সাবেক মুখপাত্র মিরি রেগেভ টুইটারে এক বার্তায় দাবি করেছেন, হিজবুল্লার সেনারা ওই ইরানি ড্রোনটি পাঠিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী রেগেভের বক্তব্যকে নিশ্চিত করেনি।