ইসরায়েল-ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত মুরসির
মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য আনতে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি পুনর্বিবেচনা এবং ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে। আজ সোমবার ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে এসব কথা বলেন মিসরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসি। গতকাল রোববার বিজয় ঘোষণার আগ মুহূর্তে সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক বিবৃতিতে মুরসি জানান, ‘আমরা ১৯৭৯ সালের “ক্যাম্প ডেভিড” চুক্তিটি পুনর্বিবেচনা করব।’ তিনি বলেন, বিগত তিন দশকের বেশি সময় ধরে অকার্যকর রয়েছে চুক্তিটি। মুরসি বলেন, ১৯৪৮ সালে আরব-ইসরায়েল এবং ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর ফিলিস্তিনি শরণার্থীদের বাড়ি ফিরে যাওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এসব বিষয়ই মন্ত্রিপরিষদ ও সরকারি সংস্থাগুলোর মাধ্যমে নিষ্পত্তি করা হবে। কারণ, এসব বিষয়ে তিনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। মিসরের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে ফের সম্পর্ক স্থাপনের পক্ষে তিনি। যদিও ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তির এক বছর পর ১৯৮০ সালে ইরানের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক-চ্যুতি ঘটে।মুসলিম ব্রাদারহুডের সাবেক এ নেতা বলেন, আমার কর্মসূচির একটি অংশ হলো ইরানের সঙ্গে সম্পর্ক গড়ার মাধ্যমে এ অঞ্চলে কৌশলগত ভারসাম্য স্থাপন করা। তবে মুরসির এমন পরিকল্পনাকে সহজভাবে নিচ্ছে না ইহুদি রাষ্ট্র ইসরায়েল। গণতান্ত্রিকভাবে নির্বাচিত এ প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুড থেকে পদত্যাগ করলেও ইসরায়েল মনে করছে মুরসির আগের ইসলামি কার্যক্রম দেশটির সঙ্গে দীর্ঘ সুসম্পর্ক নষ্ট করবে।এদিকে মুরসির এ বিজয়কে স্বাগত জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিবৃতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে কোনো বার্তা ছিল না।জানা গেছে, ইরানের ধর্মীয় নেতারা আরব বসন্তের মাধ্যমে গত বছর মিসরের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনকে ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ফল বলেই মনে করে।এর জের ধরেই মুসলিম ব্রাদারহুড সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের একটি দল ও ইরান শিয়া অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে ইরানের পক্ষ থেকে ব্রাদারহুডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হাসান ফিরোজাবাদির বক্তব্যেও দেশটির রাষ্ট্রীয় উদ্যোগের রেশ পাওয়া গেল। আজ সোমবার ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বক্তব্যে ফিরোজাবাদি সরকারি নীতি ও সংবিধান এবং ইসলামপন্থী নেতৃত্বাধীন সংসদের ওপর সেনাবাহিনীর প্রভাব রোধে মুসলিম ব্রাদারহুডের অবস্থানকে সমর্থন করেছেন তিনি।ফিরোজাবাদি বলেন, মিসরে সেনাবাহিনীর কার্যক্রমে এটাই প্রমাণিত করে তারা মোবারক-সমর্থিত। তাই তাদের রাজনৈতিক ও আইনি বৈধতা নেই।