ইসরায়েল মধ্যপ্রাচ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পেনেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেটা বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, দেশটির উচিত ফিলিস্তিনের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করা এবং তুরস্ক ও মিসরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশে মধ্যপ্রাচ্য আসার পথে পেনেটা সাংবাদিকদের বলেন, ‘মধ্যপ্রাচ্যে এখন একটি নাটকীয় সময় চলছে। অনেক কিছু পরিবর্তনের এ মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে পড়াটা ঠিক নয়। কিন্তু এখন এটাই হচ্ছে।’বিবিসি জানায়, গত বছরের ভেস্তে যাওয়া এ আলোচনা পুনরায় শুরু করার জন্য সম্প্রতি দেশ দুটিকে কূটনৈতিক চাপ দেওয়া হচ্ছে।এদিকে ইসরায়েল এ আলোচনায় বসতে রাজি হলেও ফিলিস্তিন চায় অধিকৃত এলাকায় ইসরায়েল তাদের বসতি নির্মাণ বন্ধ করুক। গত সপ্তাহে ইসরায়েল পূর্ব জেরুজালেমে আরও এক হাজার ১০০ বসতি নির্মাণের ঘোষণা দেয়।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী সালাম ফায়েদের সঙ্গে পেনেটার বৈঠক করার কথা।পেনেটা বলেন, ‘ইসরায়েল শান্তি আলোচনার জন্য ঝুঁকি নিলে আমরা তাদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তারা করতে পারে তা হলো আলোচনার টেবিলে বসা। জাতিসংঘের মাধ্যমে জোর করে আপনি মধ্যপ্রাচ্যে শান্তি অর্জন করতে পারবেন না।’জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিন আবেদন করলেও মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করেছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এ সদস্য পদ নিয়ে ভোটাভুটিতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।