ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড গতকাল মঙ্গলবার বলেছেন, ইসরায়েলি এক কূটনীতিকই যে যুক্তরাজ্যের পাসপোর্ট জাল করে হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতাকে হত্যার কাজে ব্যবহার করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই অপরাধের জন্য ওই কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে।ডেভিড মিলিব্যান্ড আরও বলেন, ইসরায়েল যুক্তরাজ্যের নাগরিকদের এভাবেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এবং যুক্তরাজ্যের সার্বভৌমত্বের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, ওই কূটনীতিক গত জানুয়ারি মাসে দুবাইয়ের একটি হোটেলের কক্ষে সংঘটিত মাহমুদ আল মাবহুহের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা ছিলেন। ওই ঘটনায় যুক্তরাজ্যের ১২টি জাল পাসপোর্ট ব্যবহার করা হয়।এদিকে দুবাই সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২৭ ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা দুবাইয়ে ঢুকতে ও দুবাই থেকে বের হতে ব্রিটিশ, আইরিশ, ফরাসি, জার্মান ও অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করত।আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের লন্ডন প্রতিনিধিকে যুক্তরাজ্য বহিষ্কার করেছে। তবে ইসরায়েলের যে ঊর্ধ্বতন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, তাঁর নাম বা পরিচয় স্পষ্টভাবে জানাননি মিলিব্যান্ড। তা ছাড়া বহিষ্কারের ঘোষণা দিলেও তিনি বলেন, যুক্তরাজ্য ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে।অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এভিগডর লিবারম্যান বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে তাঁরা সব সময়ই সুসম্পর্ক বজায় রাখতে চান। নামপ্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল তার কূটনীতিককে বহিষ্কার করার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের বিরুদ্ধে অনুরূপ কোনো পদক্ষেপ নেবে না।