ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৩ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গাজা, সিরিয়া ও লেবানন সীমান্তে গতকাল রোববার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে বড় ধরনের সহিংস ঘটনা ঘটেছে। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেক বিক্ষোভকারী। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা গতকাল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে নকবা বা বিপর্যয় দিবস পালনের অংশ হিসেবে গাজা, সিরিয়া ও লেবানন সীমান্তে বিক্ষোভ শুরু করে। বার্তা রয়টার্স সংস্থা জানিয়েছে, বিক্ষোভের একপর্যায়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে লেবানন সীমান্তে ১০ জন, সিরিয়া সীমান্তের গোলান মালভূমিতে দুজন এবং গাজা সীমান্তে একজন ফিলিস্তিনি নিহত হয়।১৯৪৮ সালে ১৫ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে নকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। এই দিন হাজার হাজার ফিলিস্তিনি ঘরছাড়া বা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। তবে আমরা সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।’জাতিসংঘ মহাসচিব বান কি মুন সব পক্ষকে শান্ত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।