ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৮ ফিলিস্তিনি নিহত
সিরিয়ার গোলান মালভূমি সীমান্তে গতকাল রোববার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক বিক্ষোভকারী ফিলিস্তিনি। তারা অধিকৃত গোলান মালভূমির সীমান্ত বেড়ার দিকে অগ্রসর হলে ইসরায়েলি সেনারা গুলি চালায় এবং এতে এ হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানান, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের ৪৪তম বার্ষিকী উপলক্ষে ফেসবুকের মাধ্যমে ওই বিক্ষোভের ডাক দেওয়া হয়। বিক্ষোভে অংশ নিতে শত শত ফিলিস্তিনি গোলান মালভূমির সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করলে ইসরায়েলি সেনারা গুলি ছোড়ে। এ সময় ইসরায়েলি সেনারা লাউড স্পিকারে বিক্ষোভকারীদের উদ্দেশে বলতে থাকে, ‘কেউ সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে মারা যাবে।’সিরিয়ার সরকারি বার্তা জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ১৮ জন নিহত ও ২৭৭ জন আহত হয়েছে। তবে ইসরায়েল সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়োভ মোরডেকাই সেনাদের গুলি চালানোর কথা স্বীকার করেন। তবে তিনি হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি। ওই মুখপাত্র বলেন, ‘যারা ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায়, এটা তাদের জন্য একটা বার্তা।’ইসরায়েল ঘটনার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দায়ী করেছে। ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, সিরিয়ায় বাশার আল-আসাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে সরাতে তিনি গোলানে বিক্ষোভকারীদের প্রবেশে অনুমতি দিয়েছেন।১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে আরব দেশগুলো ইসরায়েলের কাছে পরাজিত হয়েছিল। ওই যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে নেয়।