ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে মিসরে বিক্ষোভ
মিসর থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে কায়রোর ইসরায়েল দূতাবাসের সামনে দ্বিতীয় দিনের মতো শত শত মিসরীয় বিক্ষোভ করছে। ইসরায়েল-মিসর সীমান্তে ইসলামি জঙ্গিদের ওপর গত বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় মিসরীয় পুলিশের পাঁচ কর্মকর্তা নিহতের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।বিক্ষোভ চলাকালে একজন বিক্ষোভকারী দূতাবাস ভবন থেকে ইসরায়েলের পতাকা নামিয়ে সেখানে মিসরের পতাকা তুলে দেয়। এ সময় সেখানে সেনা-পুলিশ উপস্থিত থাকলেও ইসরায়েলি পতাকা নামানোর সময় তারা কোনো বাধা দেয়নি।এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মিসর। মিসরের দাবি, সন্দেহভাজন ফিলিস্তিন জঙ্গিদের ধাওয়া করার সময় পুলিশের ওই কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনায় গতকালই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক দুঃখ প্রকাশ করেছেন। ইসরায়েল বাহিনীর হাতে পুলিশের ওই পাঁচ সদস্য নিহতের বিষয়টি এড়িয়ে গিয়ে এহুদ বারাক বলেন, মিসরীয় সেনাদের সঙ্গে মিলে যৌথ অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।