ইসরায়েলে ড্রোন পাঠিয়েছে হিজবুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের আকাশে চালকবিহীন বিমান (ড্রোন) পাঠানোর কথা স্বীকার করেছে লেবাননের কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহ। গতকাল বৃহস্পতিবার হিজবুল্লাহ পরিচালিত টেলিভিশন আল-মানারকে সংগঠনটির নেতা শেখ হাসান নাসরাল্লাহ এ কথা জানান। খবর বিবিসির।হাসান নাসরাল্লাহ বলেন, চালকবিহীন ওই বিমানটি ইরানে প্রস্তুত। তবে এর যন্ত্রাংশগুলো লেবাননেই জোড়া লাগানো হয়েছে। এটি সমুদ্র ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পাড়ি দিয়ে ইসরায়েলে পৌঁছায়। ড্রোনটি ইসরায়েলের ‘স্পর্শকাতর’ এলাকার ওপর দিয়ে উড়ে যায় বলে তিনি দাবি করেন। বিবিসির কায়রো প্রতিনিধি জন লেন বলেন, হিজবুল্লাহর নেতা এই ‘স্পর্শকাতর’ এলাকা বলতে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ডায়মোনাকে বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।২০০৬ সালে সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলে ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেন নাসরাল্লাহ। তিনি বলেন, ‘গত সপ্তাহের ড্রোন নিক্ষেপটি শেষ বা শুরু নয়। আমরা ইসরায়েলের যেকোনো অঞ্চলে এ ধরনের হামলার ক্ষমতা রাখি।’ ড্রোনটি গত সপ্তাহে ভূমধ্যাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরের নাভেগ মরুভূমিতে পৌঁছার পর ইসরায়েলি যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করে। এর আগেই এটি ইসরায়েলের প্রায় ৫৫ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। তবে ড্রোনটিতে কোনো বিস্ফোরক ছিল না। ড্রোনটি ভূপাতিত করার পর মিসরের সীমান্তবর্তী ইসরায়েলি এলাকা পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘গত সপ্তাহেই আমরা হিজবুল্লাহর একটি হামলা প্রতিহত করেছি। ভবিষ্যতে আরও শক্তি নিয়ে আমরা এ ধরনের হুমকি প্রতিহত করব।’