ইসরায়েলে নির্বাচন ২২ জানুয়ারি
ইসরায়েলের পার্লামেন্ট নির্ধারিত সময়ের আগেই আগামী ২২ জানুয়ারি সাধারণ নির্বাচনের তারিখ ঠিক করছে। আজ মঙ্গলবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।আজ আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিতর্কের পর ইসরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আনা এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।ইসরায়েলে ২০১৩ সালের অক্টোবরে পরবর্তী মেয়াদের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পার্লামেন্টের আজকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের অন্তত নয় মাস আগে নির্বাচন হবে। ইসরায়েলে পার্লামেন্ট ভেঙে দেওয়া ও আগাম নির্বাচনের বিষয়টি নতুন নয়।২২ জানুয়ারির নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্নির্বাচিত হবেন বলে বিভিন্ন জনমত জরিপে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ইরানের পরমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নেতানিয়াহু নিজের শক্ত অবস্থানকে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার ২০০৯ সাল থেকে ক্ষমতায়। ইসরায়েলিদের মধ্যে এই সরকারের যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বার্ষিক বাজেট প্রণয়ন নিয়ে জোটের শরিকদের সঙ্গে তাঁর মতভেদের পরিপ্রেক্ষিতে আগাম নির্বাচন দেওয়া হলো।