ইসরায়েলে পা রাখলেন শালিত
হামাসের হাতে পাঁচ বছরের বেশি সময় আটক থাকার পর আজ মঙ্গলবার ইসরায়েলি সেনা গিলাদ শালিত নিজ দেশে পা রাখলেন। ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত বন্দিবিনিময় চুক্তির আওতায় আজ মিসরের কর্মকর্তাদের কাছে শালিতকে তুলে দেয় হামাস। ইসরায়েলি কর্মকর্তারা মিসরে গিলাদ শালিতকে চিহ্নিত করেন। পরে তাঁকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।শালিতকে হামাসের সদস্যরা ২০০৬ সালে অপহরণ করে। ২০০৯ সালে তাঁর ভিডিওচিত্র প্রকাশ করে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই বন্দিবিনিময় প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে মিসর। ইসরায়েল আজ প্রথম দফায় ৪৭৭ জন ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে। দুই মাস পর আরও ৫৫০ জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। মুক্তির পর মিসরীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে শালিত আশা প্রকাশ করে বলেছেন, তাঁর মুক্তির জন্য যে বন্দিবিনিময় চুক্তি হয়েছে, তা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি অর্জনে সহায়তা করবে। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত হব, যদি কারাবন্দী সব ফিলিস্তিনকে মুক্তি দেওয়া হয়, যাতে তাঁরা তাঁদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন। আমি আশা করি, এ চুক্তি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে এবং সহযোগিতা শক্তিশালী করবে।’জাতিসংঘের মহাসচিব বান কি মুনও আজ এক বিবৃতিতে বলেছেন, তিনি আশা করেন, শালিতের মুক্তি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে।