ইসরায়েলের অবৈধ বসতি: জাতিসংঘের নিন্দায় মার্কিন ভেটো
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে ফিলিস্তিনে অধিকৃত ভূ-খণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ ও নিন্দা করা হয়েছিল। বিবিসি অনলাইনের খবরে জানা গেছে, নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য প্রস্তাবটির পক্ষে সমর্থন দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব ইয়াসের আবেদ রাব্বো বলেন, প্রস্তাবটিতে মার্কিন ভেটো দুর্ভাগ্যজনক। এতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন প্রশাসনের বিশ্বাসযোগ্যতা ব্যাহত হয়েছে।ওয়াশিংটন প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য ফিলিস্তিনের ওপর ব্যাপক চাপ দিচ্ছিল । তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ ওয়াশিংটনের চাপ উপেক্ষা করে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলে । অবশ্য ওবামা প্রশাসন ইসরায়েলের নতুন বসতি নির্মাণের বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রস্তাবটি পাশ হলে শান্তি আলোচনার প্রক্রিয়া জটিল হয়ে পড়বে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগ প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ার পরপরই ইসরায়েল ও ফিলিস্তিনকে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের ওই প্রস্তাবে ব্রিটেন সমর্থন দিয়েছিল।