ইসরায়েলের ওপর তীব্র আঞ্চলিক চাপ সৃষ্টি করতে চায় তুরস্ক
ত্রাণসামগ্রী নিয়ে গাজা অভিমুখী একটি জাহাজে নয়জন তুর্কিকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টির ক্ষেত্রে তুরস্ক আজ মঙ্গলবার এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে তার মধ্য প্রাচ্য ও এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সমর্থন চাইবে।গত সপ্তাহে জাহাজটি দখল করার ঘটনার একটি আন্তর্জাতিক তদন্ত চালানোর যে প্রস্তাব জাতি সংঘ দিয়েছে ইসরায়েল তা ইতিমধ্যেই নাকচ করে দিয়েছে। কিন্তু ওই অঞ্চলের বৃহত্তম সামরিক ও অর্থনৈতিক শক্তিসমূহের মধ্যে অন্যতম তুরস্ক বিষয়টি এত সহজে ছেড়ে দিতে রাজি নয়। ইসরায়েলকে একটি উচিত শিক্ষা দিতে সে তার কূটনৈতিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করছে।তুরস্কের প্রধানমন্ত্রী রসেল তাইপ এরদোগান গতকাল সোমবার বলেন, ‘প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে। শহীদদের জন্য ইসরায়েলকে শাস্তি পেতেই হবে, এবং শাস্তি সে পাবেই।’ তিনি আরও বলেন, ‘আমরা ধৈর্যশীল এবং এই প্রক্রিয়াও আমরা ধৈর্যের সঙ্গে চালিয়ে যাব।’কিছুদিন আগেও তুরস্ক তার পূবদিকের দেশগুলোর দ্বন্দ্ব-সংঘাত থেকে নিজেকে যথাসম্ভব দূরে সরিয়ে রাখত। তার দৃষ্টি মূলত নিবদ্ধ ছিল ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তির ওপর। কিন্তু সম্প্রতি ইসরায়েলের তীব্র সমালোচনা করে এরদোগান গাজার ওপর ইসরায়েল-আরোপিত অবরোধের বিরোধিতাকারীদের অবিসংবাদিত নেতায় রূপান্তরিত হয়েছেন।গত ৩১ মে ইসরায়েল কর্তৃক গাজা অভিমুখী ত্রাণ পণ্যবাহী মাভি মারমারা জাহাজ দখল ও হত্যাকাণ্ডের পর কনফারেন্স অন ইন্টার্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) এক নতুন গুরুত্ব লাভ করেছে। অথচ এতকাল এই সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ে তেমন গুরুত্ব পায়নি। সম্মেলন চলাকালে এরদোগান গতকাল সোমবার আফগানিস্তান, ইরান ও সিরিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করেন। আজ সকালে নাস্তার সময় তিনি রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন।একজন তুর্কি কর্মকর্তা জানান, তুরস্কের প্রেসিডেন্ট গুল আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে বলেন, ‘তাঁরা যদি এর কোনো গ্রহণযোগ্য সমাধানে রাজি না হয়, আমরা ইসরায়েলকে কখনই ক্ষমা করব না।’