ইসরায়েলের নতুন ২৩৮টি ইহুদি বসতির পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব জেরুজালেমে ২৩৮টি নতুন ইহুদি বসতি নির্মাণের প্রাথমিক পরিকল্পনার কথা ব্যক্ত করেছে ইসরায়েল। গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনায় অনুমোদনও দিয়েছেন বলে একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।ইসরায়েলের গৃহায়ণ দপ্তর থেকে প্রকাশিত ওই পরিকল্পনায় অধিকৃত পিসগাত জিভে ১৫৮টি ও রামোতে ৮০টি বসতি নির্মাণের পরিকল্পনার কথা বলা হয়েছে।এদিকে, বসতি নির্মাণ ইস্যুতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ অনেক আগেই জানিয়ে দিয়েছে, তেলআবিব যদি পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের নিষেধাজ্ঞা নবায়ন না করে তাহলে তাঁরা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাবেন।মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনি পক্ষের মধ্যস্থতাকারী সায়েব ইরাকাত বলেছেন, ইসরাইলের বসতি নির্মাণের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার সব প্রক্রিয়াকেই হত্যা করল। আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণের পদক্ষেপকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করে আসছে। ১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীরসহ পূর্ব জেরুজালেম দখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করে আসছে। ইহুদি বসতি নির্মাণ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত হ্রাসে তেলআবিব একপর্যায়ে বসতি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু সেই নিষেধাজ্ঞার মেয়াদ গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য ইসরায়েলের প্রতি জোর দাবি জানিয়ে আসছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের সেই দাবি নাকচ করে দিয়ে আবার বসতি নির্মাণের পরিকল্পনার কথা ব্যক্ত করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে নতুন করে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। বিবিসি অনলাইন।