ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনা অগ্রহণযোগ্য: মুন
পূর্ব জেরুজালেমে ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণ পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ইসরায়েলের এ ধরনের পরিকল্পনাকে তিনি অগ্রহণযোগ্য আখ্যায়িত করে তা অবশ্যই বন্ধ করার আহ্বান জানিয়েছে।গতকাল শুক্রবার পিস নাউ নামের একটি সংগঠন তাদের এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল পূর্ব জেরুজালেমে নতুন করে দখলকৃত দুই হাজার ছয় শরও বেশি বসতি স্থাপনের পরিকল্পনা করছে। এ সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল এই পরিকল্পনা অনুমোদন করে।এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল জাতিসংঘ মহাসচিব এই বিবৃতি দেন।বিবৃতিতে বান কি মুন বলেন, ‘বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আলোচনা শুরুর উদ্যোগের প্রেক্ষাপটে এ ধরনের বসতি নির্মাণ গ্রহণযোগ্য হবে না।’ জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে অবশ্যই এ পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।পিস নাউ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলের এই পরিকল্পনা ফিলিস্তিনদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।জাতিসংঘের ৬৬তম অধিবেশনে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উভয় পক্ষকে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানিয়ে একটি প্রস্তাব দেয়। এর পরই ইসরায়েল নতুন করে বসতি নির্মাণের এই পরিকল্পনা অনুমোদন করল।