ইসরায়েলের বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা যুক্তরাষ্ট্রের
অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে তিন হাজার নতুন বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, এ ধরনের কর্মকাণ্ড সমঝোতার মাধ্যমে শান্তির পথ রুদ্ধ করে দেবে। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের এ পরিকল্পনাকে ‘নেতিবাচক’ হিসেবে আখ্যায়িত করা হয়।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বক্তৃতায় হিলারি বলেন, জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ে ভোটাভুটির পর আমাদের উচিত শান্ত থাকা। একইসঙ্গে আমাদের সামনে আগানোর পথ খোঁজা উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের বোঝানো উচিত ইসরায়েলের সঙ্গে সমঝোতাই তাদের স্বাধীনতা অর্জনের একমাত্র পথ। তিনি আরও বলেন, ইসরায়েলের নিজের নিরাপত্তার স্বার্থেই দেশটির উচিত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সুনজর দেওয়া। নিকট ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা না থাকলেও ইসরায়েলের এমন অবস্থান নেওয়া উচিত। এ সময় উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ও পররাষ্ট্রমন্ত্রী এভিগদর লিবারম্যান। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, ইসরায়েলের পরিকল্পনায় তিনি ‘ভীষণ উদ্বিগ্ন’। তিনি আরও বলেন, যুক্তরাজ্য চায়, ইসরায়েল তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।বিবিসির খবরে বলা হয়, গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ১৩৮ সদস্য দেশের ভোটে স্বাধীন হওয়ার পথে এক ধাপ এগিয়েছে ফিলিস্তিন। ওই ভোটাভুটিতে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর কয়েকদিন পরই ফিলিস্তিনের অধিকৃত এলাকায় স্থাপনা নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। যেসব এলাকায় এসব স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, তা ই১ হিসেবে পরিচিত। ফিলিস্তিনিরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এ ধরনের স্থাপনার মাধ্যমে পশ্চিম তীরকে দুই ভাগ করে ফেলা হবে। এটিকে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার পথে নতুন প্রতিবন্ধক বলে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে শতাধিক বসতিতে পাঁচ লাখেরও বেশি ইহুদি বাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ওই বসতিগুলো অবৈধ। যদিও ইসরায়েল এগুলো নিজেদের বলে দাবি করছে।