ইসরায়েলের বিরুদ্ধে হামলা চলবে: হামাস
ইসরায়েলের বিরুদ্ধে হামাস তাদের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সামি আবু জুহরি নামের হামাসের একজন মুখপাত্র আজ এ ঘোষণা দেন।গত মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে হামাসের হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হয়। ওই ঘটনার পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং হামাসের কয়েক শ সদস্যকে গ্রেপ্তার করে।হামাস সদস্যদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা অভিযানের প্রতিশোধ হিসেবে সংগঠনটি তাদের ওপর হামলা অব্যাহত রাখার এ ঘোষণা দিল। সামি আবু জুহরি নামে হামাসের ওই সদস্য বলেন, প্রতিরোধের অভিযান চলবে। ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, কোনো পদক্ষেপই তাঁদের দমাতে পারবে না।এদিকে আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা। এই আলোচনায় অংশ নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখন ওয়াশিংটনে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই দুই নেতাকে শান্তিপ্রক্রিয়া থেকে দূরে সরে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই সুযোগ হয়তো সহসাই আর আসবে না। রয়টার্স ও বিবিসি।