ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ, বিমান হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজাভিত্তিক ইসলামি সংগঠন হামাস-ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় আজ শনিবার ও গতকাল শুক্রবার ইসরায়েল কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এতে মোট ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। হামাস কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়। এ ঘোষণার পর গতকাল শুক্রবার ইসরায়েল নতুন করে গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। এতে ১৪ ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া আজকের হামলায় হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডার ও তাঁর দুই দেহরক্ষী নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বিমান হামলা চালালে ফিলিস্তিনি অংশ থেকেও পাল্টা হামলা চালানো হয়।গত বৃহস্পতিবার হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি স্কুলবাসে আঘাত হানে। এতে এক কিশোর গুরুতর আহত হয়। ওই ঘটনার পর ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক দফা হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, তাঁরা হামাসকে উচিত শিক্ষা দিতে চান। কারণ, হামাস তাঁদের সীমা অতিক্রম করেছে। হামাস দাবি করেছে, গতকাল ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা পাল্টা হামলা চালিয়েছে।