ইসরায়েলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় যাবে না ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সঙ্গে পুনরায় সরাসরি শান্তি আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতারা। পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিন অঞ্চলগুলোতে দখলদারি বন্ধ এবং যুক্তরাষ্ট্র পরিচালিত চার মাসব্যাপী পরোক্ষ আলোচনার অগ্রগতি হলেই কেবল সরাসরি শান্তি আলোচনায় বসবে বলে জানিয়েছেন আব্বাস।অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ‘সশস্ত্র প্রতিরোধ’ গড়ে তুলতে চায় হামাস। তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার জন্য আব্বাস ও প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটির প্রতি আহ্বান জানিয়েছে।গত মে মাসে যুক্তরাষ্ট্রের উদ্যোগে চার মাসের জন্য পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল। কিন্তু এতে সীমান্ত ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেছে ফিলিস্তিন।মাহমুদ আব্বাস বর্তমানে আরব লিগ কমিটির সম্মেলনে যোগ দেওয়ার জন্য কায়রোতে অবস্থান করছেন। সেখানে তিনি ইসরায়েল-ফিলিস্তিনের বর্তমান অবস্থা সম্পর্কে আরব লিগের কমিটিকে অবহিত করবেন বলে ফিলিস্তিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। সূত্র: সিনহুয়া