ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির ঘোষণা
ফিলিস্তিনে গাজাভিত্তিক ইসলামি সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে হামাস কর্তৃপক্ষ সূত্রে বিবিসি অনলাইন জানিয়েছে।হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে গাজাভিত্তিক সব সংগঠন ঐকমত্যে পৌঁছেছে। যুদ্ধবিরতির ব্যাপারে সব পক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হামাস বলছে, ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধি বন্ধে তারা এ যুদ্ধবিরতি করেছে।এদিকে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি শীর্ষ রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, তিনি প্রত্যাশা করেন, ইসরায়েল এ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা থেকে যেকোনো হামলা বন্ধে তাঁরা সব ধরনের পদক্ষেপ নেবেন।গত কয়েক সপ্তাহ ইসরায়েল ও গাজার মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়েছে। এসব পাল্টাপাল্টি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ যুদ্ধবিরতির পক্ষে মত দেয়।