ইসলাম অবমাননার অভিযোগে আদালতে তুর্কি পিয়ানোবাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ফাজিল সাই নামে তুরস্কের একজন খ্যাতিমান পিয়ানোবাদকের বিচার চলছে। টুইটারে দেওয়া এক বার্তায় মুসলমান ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে আজ বৃহস্পতিবার রাজধানী তুরস্কের একটি আদালতে হাজির হয়েছিলেন তিনি।সাইয়ের বিরুদ্ধে অভিযোগ, গত এপ্রিল মাসে একটি টুইটার বার্তায় আজান নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন তিনি। এরপর গত জুন মাসে সাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন তুর্কি আইনজীবীরা। তাঁদের মতে, সাই জনগণের মূল্যবোধের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দালুর খবরে বলা হয়, সাই ইউরোপীয় ইউনিয়নের সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। একই সঙ্গে তাঁকে বেকসুর খালাস দেওয়ার দাবি করেছেন। ডুগান নামের অন্য একটি সংবাদ সংস্থা জানায়, সাইয়ের বিচার আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। এদিকে, সাইয়ের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একদল তুর্কি বুদ্ধিজীবী। তাঁরা এ বিচারকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে মনে করছেন। এ ছাড়া সাইয়ের সমর্থক ও মানবাধিকারকর্মীরা ইস্তাম্বুলে আদালতের সামনে বিক্ষোভ করেছেন। ফাজিল সাই নিউইয়র্ক ফিলহারমোনিক, দ্য বার্লিন সিম্ফোনি অর্কেস্ট্রাসহ কয়েকটি দলে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান সরকারের কঠোর সমালোচক।