ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা পাল্টাতে আলেমদের ভূমিকা রাখতে হবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা পাল্টাতে আলেম-সমাজকে ভূমিকা রাখতে হবে। এ জন্য কোরআন ও হাদিসের নির্ভুল ব্যাখ্যা দিতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামি গবেষণা পরিষদ আয়োজিত ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণ-সচেতনতা সৃষ্টি: আলেম সমাজের দায়িত্ব ও অবদান’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।স্পিকার বলেন, ইসলাম শাশ্বত সুন্দর এবং সত্য ও ন্যায়ের ধর্ম। ইসলাম মানে শান্তি। একজন প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাস করতে পারে না। আবদুল হামিদ আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মৌলবাদীরা গুপ্ত হত্যা, গণহত্যা ও লুটপাটের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেছে। সমাজ থেকে অত্যাচার নিপীড়ন ও সন্ত্রাস দূর করতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার হওয়া আবশ্যক।’ তিনি বলেন, বর্তমান সরকার এরই মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে সার্বিক পদক্ষেপ নিয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রাজনীতির কারণে একটি মহল সব সময়ই আলেম-সমাজ থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সব সময়ই আলেমদের কল্যাণে কাজ করে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার গত আড়াই বছরে ৩৫ হাজার মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছে। এক হাজার কওমি মাদ্রাসা পাকা করতে ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।বর্তমান সরকার দেশে মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, মাদ্রাসায় মূল শিক্ষাব্যবস্থার সঙ্গে বিজ্ঞান, গণিত ও ইংরেজি শিক্ষার ব্যবস্থা করতে হবে, যেন এখান থেকে পাস করে বেরিয়ে একজন ছাত্র বা ছাত্রী খুব সহজেই চাকরি পায়। তিনি মাদ্রাসাশিক্ষাকে মূলধারার সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া শরিয়াহ মালিবাগের অধ্যক্ষ কাজী মুতাসিম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মওলানা রুহুল আমীন, ভারতের দারুল উলুম মাদ্রাসা দেওবন্দের সহ-উপাচার্য মুফতি আবুল কাসিম নোমানি প্রমুখ। সেমিনারে বক্তারা ভারতের দেওবন্দ মাদ্রাসায় শিক্ষাগ্রহণের বন্ধ সুযোগ পুনরায় চালু করতে ভারত সরকারকে চাপ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।