ইসলামপুরে ছুটির দিনে বস্ত্রবাজার!
শুক্রবার ইসলামপুর রোড, আহছান উল্লাহ রোডের বিপণিবিতানগুলোয় বন্ধের দিন। তাই বিপণিবিতানগুলোর ফটক বন্ধ। সড়কের পাশের দোকানগুলোর শাটার ও কলাপসিবল গেটে ঝুলছে তালা। লোকের ভিড় না থাকায় শুক্রবার পুরো এলাকার কোনো গলিতেই চিরচেনা যান ও জনতার জটলাও নেই। তবে নবাববাড়ির ফটকের কাছে রঙিন বস্ত্রকে ঘিরে ক্রেতা-বিক্রেতার খানিকটা জটলা চোখে পড়ল। বিপণিবিতানের সামনের দিকের বন্ধ দোকান ও পথের আংশিক নিয়ে বসেছে বস্ত্রের শখানেক দোকান। বন্ধের দিনে পথের পরে দোকান কেন? এ প্রশ্নে বস্ত্রবিক্রেতা মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমরা সবাই মার্কেটের কাপড়ের দোকানে চাকরি করি। যা বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি আয়ের আশায় রাস্তায় কাপড় বেচি। যেকোনো ছুটির দিনে আমরা বেচাকেনা করি। গত ২৭ মে বুদ্ধপূর্ণিমার ছুটিতেও আমরা দোকান বসাইছিলাম।’বাজারে যেসব বস্ত্র পাওয়া যায় তার প্রায় সবই মেলে ইসলামপুর রোডের শুক্রবারের বাজারে। এর মধ্যে আছে: থ্রিপিস, ওড়না, পেটিকোট, ব্লাউজ, শার্ট, প্যান্ট ও ফতুয়া পিস। এ ছাড়া আছে চাদর, বালিশের কভার; আরও আছে টুকরো কাপড়। সুলভে টুকরো কাপড় কিনে বানানো যায় শিশুদের শার্ট, প্যান্ট ও ফতুয়া। বিক্রেতা তৈয়ব আলী। তিনি বলেন, ‘ইসলামপুর মূলত কাপড়ের পাইকারি বাজার। এখান থেকে তাই আমরা কারখানার দামেই কাপড় কিনতে পারি। আবার কাপড়ের লটও কেনা হয়। এ জন্য খুচরা বাজারে যে পেটিকোট পিস ১০০ টাকায় বিক্রি হয়, আমরা সেটা ৭০ টাকায় বিক্রি করি। আমাদের এখানে যে শার্ট পিস ১০০ টাকা, সেটা অন্য জায়গায় ১৫০ টাকার কম না।’এক দোকান থেকে একটি শার্ট পিস কিনলেন চাকরিজীবী সাইদুর রহমান। তিনি থাকেন কেরানীগঞ্জের কদমতলীতে। তাঁর মন্তব্য, ‘শুক্রবার আমার ছুটি। তাই ছুটির অবসরে ছুটির দিনের বাজার থেকেই কাপড় কিনি। কারণ, অন্যদিন আমার হাতেও সময় থাকে না।’ইসলামপুর রোডের বিপণিবিতানগুলোয় পাইকারি ক্রেতার মধ্যে পুরুষদেরই ভিড় বেশি চোখে পড়ে। কিন্তু ছুটির দিনের খুচরা বাজারে মহিলাদের আনাগোনাই বেশি থাকে। ইসলামপুর রোডের পাশের বাসিন্দা কল্পনা রানী জানান, তিনি নিয়মিত এ বাজার থেকে কাপড় কেনেন। এখানকার কাপড়ের দাম একটু কম, তাই বলে মানের দিক দিয়ে খারাপ নয়।কুষ্টিয়ার কামরুল ইসলামপুর পথের বাজারে বিক্রি করছেন শার্ট ও ফতুয়ার পিস। ছুটির দিনে বেচাবিক্রি করলে গ্রামের বাড়ি যান কীভাবে? এমন প্রশ্নে তিনি বলেন, একেকটা দোকান দুই থেকে তিনজন মিলে চালানো হয়। সবাই মার্কেটের দোকানের কর্মচারী। একেক সময় একেকজন বাড়ি যায়।যাঁদের দোকানের ফটক ঘেঁষে দোকান দেওয়া হয়েছে, তাঁরা কিছু বলেন না? ‘বলব কী? তারাও তো জানে আমাদের বেতন কম বলে দোকান করি। আবার ছুটির দিনে রাস্তায়ও মানুষ, গাড়িঘোড়া কম। আমাদের দোকানের জন্য তাই যানজটও হয় না।’