ঢাকাইয়া আড্ডায় একটা কথা প্রায়ই ঘুরেফিরে আসে, ‘মাইরের পরে, খাওনের আগে’। এ জন্য হয়তো ঢাকার দোকানগুলোর খানদানি আর শাহি খাবারগুলো ফুরিয়ে যায় ডেকচি দোকানে তোলার পরপরই। তাই বলে রাতজাগা নাগরিকেরা কি ঢাকাই খাবারের স্বাদ পাবে না?রাত ১২টা বা একটায় কাচ্চি বিরিয়ানিতে ভূরিভোজ সারার সাধ হয়তো অনেকেরই রয়েছে। কিন্তু সাধ পূরণে কোথায় যাওয়া যায়, সেটা নিয়ে দোটানায় যাঁরা আছেন, তাঁদের জন্য আদর্শ জায়গা হতে পারে ইসলামপুর। রাতজাগা নাগরিকদের জন্য ইসলামপুরেই রয়েছে গোটা দশেক ঢাকাই খাবারের দোকান।সদরঘাট চৌরাস্তা থেকে পাটুয়াটুলী হয়ে ইসলামপুরে ঢুকতেই চোখে পড়বে সারি সারি খাবারের দোকান। রাত ১২টা, নাকি একটা? সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বসে যান খাবারের টেবিলে। এত রাতেও পাকযন্ত্র চালু রাখতে এখানে পাবেন কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি আর ডিম পোলাওয়ের বাহারি সব আয়োজন। এগুলোর মধ্যে ‘কাশ্মীরি বিরিয়ানি’ একটু এগিয়ে।ইসলামপুর রোডের ১১৭/৬/৭ নম্বর বাড়ির নিচে দেখা মিলবে কাশ্মীর বিরিয়ানি হাউস নামের দোকানটির। এখানকার সবচেয়ে চালু আইটেম হলো কাচ্চি বিরিয়ানি। ২০০ টাকায় মিলবে এক প্লেট বিরিয়ানি। তাতে আবার চারটি বড় খাসির মাংসের টুকরো।এখানে প্লেটের আর পেটের আকার মিলিয়ে খাবারের ফরমায়েশ দেওয়া উচিত। চার পিসের ফুল প্লেট কারও নাও সইতে পারে। এখানে হাফ প্লেট বিরিয়ানি মিলবে ১০০ টাকায়। তাতে রয়েছে দুই পিস খাসির মাংস। ফলে বুঝেশুনে খাবারের ফরমায়েশ দেওয়াই ভালো।কাচ্চি বিরিয়ানির সঙ্গে আরও মিলবে শাহি বোরহানি। শাহি এই বোরহানি বানানো হয় একদম খাটি টকদই আর নানা পদের মসলা দিয়ে। শাহি বোরহানি বানাতে টকদইয়ের সঙ্গে এক ফোঁটাও পানি মেশানো হয় না। ফলে এটা ঘন আর সুস্বাদু। কাচ্চি বিরিয়ানি খাবারের ফাঁকে বোরহানির গ্লাসে এক একটা চুমুক খাবারের রুচি বাড়াবে বহু গুণ। এখানে এক লিটার অথবা চার গ্লাস বোরহানির দাম ১০০ টাকা। চাইলে হাফ লিটারের বোতলও কেনা যেতে পারে। বিরিয়ানির সঙ্গে সঙ্গে এখানে সালাদ হিসেবে পাবেন পেঁপে আর শসার গ্রেট করা চিকন সালাদ। সঙ্গে লেবু আর কাঁচামরিচ। খাওয়া মেলে রাত দুইটা থেকে আড়াইটা পর্যন্ত। ইসলামপুর পাটুয়াটুলীর দোকানদারেরা সরকারি হুকুম মেনে দোকানের ঝাঁপি বন্ধ করেন রাত আটটায় ঠিকই। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে কাশ্মীরে আনা হয় কাচ্চি বিরিয়ানির রাতের সংস্করণ! সে সময় দোকানময় মানুষের ভিড়। ভিড় করেন দোকানদারেরা আর তাঁদের ব্যবসায়িক অংশীদারেরা। ইসলামপুরের ব্যবসায়ী তৌহিদ মাহমুদ জানান, নিজ দোকানের বেচাকেনার পর টুকটাক আড্ডা চলে রাত অব্দি। তারপর কাশ্মীরে কাচ্চি বিরিয়ানির ডেকচি এলেই ভাঙতে থাকে আড্ডার মজলিশ। তখন ধুমসে উদরপূর্তি চলে ধোঁয়া ওঠা কাচ্চি বিরিয়ানিতে। কেউবা আবার আড্ডা জমাতে পার্সেল খাবার নেওয়ার ব্যবস্থা করেন কাশ্মীর থেকে। আড্ডায় বসেই পেটে চালান করা হয় কাশ্মীরের কাচ্চি বিরিয়ানি।সারা রাত ইসলামপুর আর পাটুয়াটুলীর সড়কে পণ্য খালাস হয়। পণ্য খালাসে থাকা শ্রমিকেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে আসেন ইসলামপুরে। সঙ্গে ট্রাকচালক, হেলপার তো থাকেনই। এঁদের চাহিদা অল্পে তুষ্টির দিকে। সারা দিনের খাটুনির পর তাঁদের জিভে তুষ্টি দেয় ডিম পোলাও। কাশ্মীর বিরিয়ানিতে এটি মেলে ৩০ টাকায়।আরও যত আয়োজনইসলামপুরে কাশ্মীর ছাড়াও মিলবে গোটা দশেক বিরিয়ানির দোকানের, যার সব কয়টি আবার রাতে খোলা থাকে না। রাতে খোলা থাকে এমন দোকানগুলো হলো কাশ্মীরের গা ঘেঁষে থাকা রুপম বিরিয়ানি, নিউ শাহি বিরানি হাউস। আবার রাস্তার অন্য পাড়ে থাকা ঢাকা বিরিয়ানি, মাম্পি বিরিয়ানি, সৌমেন বিরিয়ানি, বিক্রমপুর বিরিয়ানি আর ছনঘরের তেহারির দোকান রাতে খোলা থাকে। এগুলোর সব কয়টায় কাচ্চি বিরিয়ানি পাওয়া যাবে। কোথাও খাসির রেজালা আর খাসির গ্লাসির ব্যবস্থা রয়েছে।