ইসলামাবাদ লাদেনের অবস্থান জানত না: পেন্টাগন
মার্কিন কর্মকর্তারা বলেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পাকিস্তানে লুকিয়ে থাকার বিষয়টি ইসলামাবাদ জানত বলে তাঁদের কাছে কোনো প্রমাণ নেই। পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন পেন্টাগনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। রবার্ট গেটস বলেন, যদিও আমি বিশ্বাস করি যে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব লাদেনের অবস্থান সম্পর্কে জানত, তবে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না।মার্কিন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, ‘তারা (পাকিস্তান) যদি জানত, তবে লাদেনকে খুঁজে বের করা সময়ের ব্যাপার ছিল।’তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, তিনি বিশ্বাস করেন, ইসলামাবাদের কেউ না কেউ লাদেনের অবস্থান জানতেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সহায়তা বন্ধ করে দিতে চাপ বাড়িয়ে চলছেন মার্কিন আইনপ্রণেতারা। তবে রবার্ট গেটস ও মাইক মুলেন পাকিস্তানকে সহায়তা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। মাইক মুলেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই পাকিস্তানের সঙ্গে কাজ অব্যাহত রাখতে হবে এবং দেশটিকে সহায়তা দিতে হবে।’ তবে তাঁরা বলেছেন, পাকিস্তানকে অবশ্যই জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে।