ইসলামাবাদে দুর্নীতিবিরোধী বিক্ষোভে গুলি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ধর্মীয় নেতা তাহির-উল কাদরির নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ মিছিলে আজ মঙ্গলবার ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদগুলো ভেঙে দিতে আজ মঙ্গলবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন এই নেতা। বিবিসি ও রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।পার্লামেন্টের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেখা দিলে পুলিশ এ ব্যবস্থা নেয়।নির্বাচনী সংস্কার চান কাদরি। এ দাবিতে গত রোববার তিনি হাজারো সমর্থক নিয়ে লংমার্চ করে গতকাল সোমবার ইসলামাবাদে পৌঁছান।এই সুন্নি নেতা বলেন. তাঁদের দাবি মার্চের মাঝামাঝি সময় পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সেনাবাহিনী ও বিচার বিভাগ মিলে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুক। এ ছাড়া মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে যাতে দুর্নীতিবাজ বা অপরাধীরা প্রার্থী হতে না পারেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। সরকারের অভিযোগ, মে মাসের নির্বাচন স্থগিত করতে কাদরি বিক্ষোভে নেমেছেন। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় ধর্মীয় নেতা তাহির-উল কাদরি কয়েক বছর টরন্টোতে কাটানোর পর গত মাসে তিনি দেশে ফেরেন। তিনি ক্ষমতাসীন পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য বলে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, দেশে যতক্ষণ সংস্কার না হবে, ততক্ষণ নির্বাচন হতে দেওয়া হবে না।সুফি ধর্মীয় নেতা তাহির-উল কাদরির মুখপাত্র রয়টার্সকে জানান, পুলিশ যাতে কাদরিকে গ্রেপ্তার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভে ওই ধর্মীয় নেতার ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসলামাবাদে কাদরি ও তাঁর সমর্থকদের আসতে দেওয়া হবে না। এই বিক্ষোভ সামনে রেখে রাজধানীর বিভিন্ন জায়গায় সরকার ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে।ইসলামাবাদে পৌঁছানোর পর গতকাল রাতে কাদরি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ তৈরি করে দিতে প্রাদেশিক পরিষদগুলোর প্রতি আহ্বান জানান। পার্লামেন্ট থেকে এক মাইল দূরে একটি মঞ্চে গুলিরোধী কাচের পেছনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘নৈতিকভাবে আপনাদের সরকার ও প্রাদেশিক পরিষদগুলো আজ রাতেই শেষ।’ তিনি কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদগুলো ভেঙে দিতে আজকের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন। এরপর জনগণের তাদের সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।কাদরির পেছনে সেনাবাহিনীর সমর্থন রয়েছে বলা হলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তিনি রয়টার্সকে বলেন, ‘আমার সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। আমি গণতন্ত্রে বিশ্বাসী।’