ইসলামাবাদে ১৫২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মারগালা পার্বত্য এলাকায় আজ বুধবার সকালে ১৫২ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। আরোহীদের মধ্যে ১৪৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু। প্রাথমিক খবরে ছয়জনের লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার ধরন দেখে আরোহীদের কারও বাঁচার সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডন অনলাইনের।বেসরকারি কোম্পানি এয়ার ব্লু দুর্ঘটনাকবলিত বিমানটির মালিক। কোম্পানিটির কর্মকর্তা পারভেজ জর্জ জানান, ১৪৬ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে বিমানটি ভোরে করাচি থেকে রওনা দেয়। সকালে ইসলামাবাদ পৌঁছে অবতরণের সময় সেটি মারগালা পার্বত্য এলাকায় ভেঙে পড়ে। একটি পাকিস্তানি দৈনিকের ওয়েবসাইটে দেওয়া ভিডিও ক্লিপিংয়ে দেখা যায়, গভীর খাদে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। এ থেকে আশঙ্কা করা হয় যে আরাহীদের কেউ বেঁচে নেই।কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনাটি এমন এক এলাকায় ঘটেছে, যেখানে সড়ক পথে পৌঁছানো সম্ভব নয়। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তাঁদের অনেক বেগ পেতে হচ্ছে এবং ভারী বর্ষণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।বনরক্ষীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ সাঈদ জানান, বনরক্ষীরা জানান, তাঁরা বিমানটির কিছু ধ্বংসাবশেষ ও মৃতদেহ দেখেছেন।উদ্ধারকাজ পরিচালনার জন্য কয়েকটি হেলিকপ্টারসহ বিশেষ বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানায়।