ইসলামাবাদের কাছে ন্যাটোর ট্রাকবহরে জঙ্গি হামলায় সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল বন্দুকধারী গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ন্যাটোর একটি ট্রাকবহরে হামলা চালিয়ে অন্তত সাত ব্যক্তিকে হত্যা করেছে। ইসলামাবাদ থেকে ছয় মাইল দূরে এ আক্রমণ চালানোর পর বন্দুকধারীরা ৫০টিরও বেশি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পাকিস্তানের রাজধানীর এত কাছে এ ধরনের জঙ্গি হামলার ঘটনা এই প্রথম।বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইন জানায়, ট্রাকগুলো করাচি বন্দর থেকে আফগানিস্তানে ন্যাটোর সেনাসদস্যদের জন্য রসদ নিয়ে যাচ্ছিল।পুলিশ কর্মকর্তা গুলাম মুস্তাফা বলেন, ওই হামলায় কমপক্ষে আরও ছয় ব্যক্তি আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, যারা হতাহত হয়েছে তারা ট্রাকগুলোর চালক ও স্থানীয়। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক কলিম ইমাম বলেন, আক্রমণকারীদের সংখ্যা হবে ১০ থেকে ১২ জন এবং পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য জোর তত্পরতা শুরু করেছে। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তারা বলেন, হামলার সময় ট্রাকগুলো টার্নলের একটি ডিপোতে পার্ক করা ছিল।টার্নল পুলিশ স্টেশনের প্রধান কর্মকর্তা শাহ নওয়াজ বলেন, ‘আক্রমণটি হয় রাত প্রায় ১১টা ৩৫ মিনিটে। আমরা এখনো খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে এ হামলা চালানো সম্ভব হলো।’ তিনি আরও বলেন, ‘আক্রমণকারীরা ডিপোতে হেঁটে প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।’পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের ঘাঁটিগুলোর ওপর সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে তালেবানরা সারা দেশ যে আত্মঘাতী ও বোমা হামলা চালিয়ে আসছে তারই একটি অংশ হিসেবে গতকালের এ আক্রমণ চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।