ইসলামি দলগুলোর হরতালে বিএনপি-জামায়াতের সমর্থন
আগামী রোববার-সোমবার ১২ দলের ডাকা দেশব্যাপী ৩০ ঘণ্টার হরতালে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি না রাখার প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আজ শুক্রবার বিকেলে পৃথক প্রেস ব্রিফিং করে এই সমর্থনের কথা জানান। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন মির্জা ফখরুল। আর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেন এ টি এম আজহারুল ইসলাম।গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর ১২টি দলের পক্ষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়েছিল। রোববার সকাল ছয়টা থেকে সারা দেশে ৩০ ঘণ্টার এই হরতাল কর্মসূচি পালন করবে তারা।একই সঙ্গে বুধ-বৃহস্পতিবারের হরতালে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে কাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং আগামী বুধবার অনশন কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওই দিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ অনশন চলবে। ইউএনবি