ইসলামি ব্যাংকগুলোর ভেতরে শেয়ারসংশ্লিষ্ট ব্যবসা নিয়ে প্রশ্ন
শরিয়াহ আইন মেনে ব্যাংকিং পরিচালনার দাবিদার অন্তত দুটি ব্যাংকের শেয়ারে বিনিয়োগ ও ব্রোকারেজ ব্যবসা থেকে প্রাপ্ত লাভকে অবৈধ ঘোষণা করেছে তাদের শরিয়াহ কাউন্সিল। ইসলামী ব্যাংকগুলোকে কোনো ব্যবসা করতে হলে আগেই তাদের নিয়োজিত শরিয়াহ কাউন্সিলের অনুমোদন নিতে হয়। কিন্তু এই ব্যাংকগুলো সে নিয়ম অনুসরণ করেনি। এই পরিস্থিতি ব্যাংকগুলোর প্রচারিত ইসলামী ব্যবস্থায় বিশ্বাস স্থাপন করে আমানত রাখা গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। দেশে মোট সাতটি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থায় ব্যাংকিং পরিচালনা করছে বলে দাবি করে থাকে। আরও অনেক ব্যাংক শাখাভিত্তিক ইসলামী ব্যাংকিং করছে। কিন্তু যে সাতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহ মেনে ব্যাংকিং পরিচালনা করে বলে দাবি করছে তাদের মধ্যে ছয়টিই ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকিং পরিচালনা করে। এ ধরনের যে কোনো ব্যাংকের শরিয়াহ বহির্ভূত কাজ ইসলামী বিধানে বিশ্বাসী গ্রাহকদের বিশ্বাসকে দুর্বল করে দিবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শেয়ারে বিনিয়োগ ও ব্রোকারেজ ব্যবসা করা ব্যাংক দুটি হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যাংক দুটি এ খাতে ২০১০ সালে প্রায় ৯২ কোটি টাকা আয় করেছে। প্রচলিত বিধি-ব্যবস্থায় পরিচালিত শেয়ার ব্যবসা শরিয়াহ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তাদের অর্জিত এ মুনাফাকে অবৈধ ঘোষণা করা হয়। আল আরাফাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক শরিয়াহ বহির্ভূত বিনিয়োগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শরীয়াহ কাউন্সিল শেয়ার ব্যবসা থেকে অর্জিত আয়কে সন্দেহজনক বলায় আমরা তা বাদ দিয়েই গত বছর ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছি। না হয় আমাদের লভ্যাংশ ৩০ শতাংশ অতিক্রম করতো।’অবশ্য বাংলাদেশ ব্যাংক আগেই সব বানিজ্যিক ব্যাংককে তাদের শেয়ার খাতে বিনিয়োগের মুনাফাকে লভ্যাংশ হিসেবে বিতরণ না করে ‘রিটেন আনিং’ খাতে স্থিতিপত্রে (ব্যালেন্সশিট) রাখতে নির্দেশ দিয়েছে। সূত্র জানায়, ২০১০ সালে শেয়ারসংশ্লিষ্ট ব্যবসা থেকে শাহজালাল ইসলামী ব্যাংক ৬০ কোটি ৬১ লাখ টাকা ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ৩১ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৩৪৮ টাকা আয় করে। আল আরাফাহ ব্যাংক তাদের শরিয়াহ কাউন্সিলের পরামর্শে ওই টাকা অবৈধ আয় বলে তা ব্যাংক ফাউন্ডেশনের তহবিলে জমা রেখেছে। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক জানান, পরে তারা হালাল পদ্ধতিতে ব্যবসা করে এমন কোম্পানির শেয়ার যাচাইবাচাই করে এই টাকা থেকে ১৬ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৮০৩ টাকা বৈধ বলে নির্ধারণ করেছে। শাহজালাল ইসলামী ব্যাংক ২০১০ সালে ৬০ কোটি ৬১ লাখ টাকা আয় করে। গত মে থেকে ব্রোকারেজ হাউজের মাধ্যমে শেয়ার কেনাবেচা শুরু করে। সূত্র জানায়, শরিয়াহ কাউন্সিল আপত্তি জানালেও শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ এই আয় আলাদা করেনি।শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান সরকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আয়ের কিছু অংশ তারা তাদের ব্যাংকের ফাউন্ডেশনে জমা রেখেছে। তবে পারিমান তিনি বলতে পারেননি। শরিয়াহ মেনে বৈধভাবে শেয়ার ব্যবসা করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এটা আমাদের একার পক্ষে সম্ভব নয়, করতে হলে এসইসি, ডিএসই সবাই মিলে করতে হবে। তবে এখন আমরা শরিয়াহ কাউন্সিলের পরামর্শে মুরাবাহা-বাই মুয়াজ্জাল (লাভে বাকিতে বিক্রি) পদ্ধতিতে শেয়ার সংশ্লিষ্ট ব্যবসা করছি।’ উল্লেখ, ইসলামী ব্যাংকগুলোর শরিয়াহ কাউন্সিল বা কেন্দ্রীয় শরিয়াহ বোর্ড সরকার স্বীকৃত কোনো সংস্থা নয়। বাংলাদেশের ইসলামী ব্যাংকসমুহের কেন্দ্রীয় শরীয়াহ বোর্ড শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারকেও ধর্মীয় বিবেচনায় বৈধ মনে করে না। তারা একে হালাল-হারামের দৃষ্টিতে দেখছে। তাই সব ধরনের শেয়ার কেনাবেচাকেও বৈধ ব্যবসা বলে বিবেচনা করছে না তারা। এ অবস্থায় শরিয়াহ বোর্ড সংশ্লিষ্টদের সিদ্ধান্ত হচ্ছে, ইসলামী পদ্ধতিতে ব্যাংকিং পরিচালনাকারি ব্যাংকগুলোর প্রচলিত ব্যবস্থায় শেয়ারবাজারে বিনিয়োগ শরিয়াহ আইনে অবৈধ। আল আরাফাহ ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি আবদুর রহমান প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মুফতি আবদুর রহমান বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরীয়াহ বোর্ডেরও চেয়ারম্যান।পণ্যের মালিকানা শর্ত: ইসলামী ব্যাংকগুলোর শরিয়া কাউন্সিল বলছে, ধর্মের বিধান মতে, কোনো পণ্য কেনাবেচার প্রধান শর্ত হলো ওই পণ্যের মালিকানা ও দখল অর্জন করা। কিন্তু শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর বিধিমালা অনুযায়ী, ব্রোকারেজ হাউজের মাধ্যমে শেয়ার বেচাকেনা করা হলে সংশ্লিষ্ট শেয়ারের ওপর ওই ব্রোকারেজ হাউজের মালিকানা স্বত্ত্ব প্রতিষ্ঠিত হয় না। আল আরাফাহ ইসলামী ব্যাংক ‘আল আরাফাহ ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিঃ’ নামে আলাদা ব্রোকারেজ হাউজ খুলে শেয়ার কেনাবেচা শুরু করে। এই কোম্পানির ৫১ ভাগ শেয়ার আল আরাফাহ ব্যাংকের। আর শাহজালাল ইসলামী ব্যাংকের ব্রোকারেজ হাউজের নাম শাহজালাল ব্যাংক ক্যাপিটাল মার্কেট। স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডও সম্প্রতি ব্রোকারেজ হাউজ খোলার অনুমতি নিয়েছে। মুরাবাহা পদ্ধতিতে মালিকানা প্রতিষ্ঠা হয় না: ইসলামী অর্থনীতিতে ‘মুরাবাহা’ (লাভে বিক্রি) হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সম্মতিক্রমে ক্রয়মূল্যের ওপর নির্ধারিত মুনাফা ধার্য করে শরিয়াহ অনুমোদিত পণ্য সামগ্রী কেনাবেচা করা। যে দুটি ইসলামী ব্যাংক ব্রোকারেজ হাউজের মাধ্যমে ‘মুরাবাহা’ পদ্ধতিতে শেয়ার কেনা-বেচা করেছে, তারা প্রকৃতপক্ষে ওই শেয়ারের মালিক নন; এর মালিক হচ্ছেন গ্রাহক। বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহের কেন্দ্রীয় শরীয়াহ বোর্ড-এর সেক্রেটারি মো. মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যমান আইনে ব্রোকার লাইসেন্সের বিপরীতে গ্রাহককে শেয়ার কিনে দিলে তাতে ব্রোকারের মালিকানা অর্জিত হয় না। তবে কবদ আল আমানাহ প্রতিষ্ঠিত হয়, যা উকিল ও সংরক্ষক হিসেবে কেবল গ্রাহকের পক্ষে ব্রোকারের দখল মাত্র, কিন্তু প্রকৃত মালিকানা নয়।’একই মন্তব্য স্যোসাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর। তিনি বলেন, ‘মুরাবাহা পদ্ধতিতে কার্যত মালিকানা প্রতিষ্ঠা হয় না, তবে একটি আইনগত দখলিভিত্তি দাঁড়ায়। সবমিলিয়ে বলা যায়, এটি শরীয়াহসম্মত হচ্ছে না।’মুফতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুরাবাহার চেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি, ইসলামী ব্যাংকগুলো যে কোনো ধরনের শেয়ারে বিনিয়োগ করতে পারে কি না, তার ওপর।’ তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকগুলো ধর্মীয় বিবেচনায় ‘হারাম’ এমন শেয়ারের কেনাবেচা করতে পারে না। সুদভিত্তিক মার্জিন ঋণ ব্যবস্থা: আল আরাফাহ ও শাহজালাল ইসলামী ব্যাংক নিজস্ব ব্রোকারেজ হাউজের মাধ্যমে ইসলাম ধর্মের ‘মুরাবাহা’ (লাভে বিক্রয়) পদ্ধতিতে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য গ্রাহকদের মার্জিন ঋণ সুবিধা দেয়। প্রচলিত ব্যাংকগুলোর মতোই তারা নির্দিষ্ট হারে সুদ নেয়।শরিয়াহ বোর্ড বলছে, সুদভিত্তিক মার্জিন ব্যবস্থার কারণেও ইসলামী ব্যাংকিংয়ে এ খাতে অর্জিত আয় অবৈধ বলে বিবেচিত হবে।মার্জিন ঋণ ও মালিকানার বিষয়ে মতামত চেয়ে কেন্দ্রীয় শরিয়াহ বোর্ড গত বছরের ২ অক্টোবর সদস্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক জবাবে শরিয়াহ কাউন্সিলকে জানায়, প্রচলিত ব্যবস্থায় গ্রাহকের আদেশে ক্রয় করা শেয়ারের ওপর ব্রোকার হাউজের নিজস্ব মালিকানা প্রতিষ্ঠিত হয় না।