ইসলামিক ফাউন্ডেশনের সমালোচনায় ফখরুল
প্রতি শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি নিজেই রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। এ কারণে মসজিদের দরজা বন্ধ করে দিয়েছেন।’আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘আওয়ামী দুঃশাসন ও বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে জন্য প্রতি শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সব অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি ও ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা আমরাও চাই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার মূল কথা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র এখন পদদলিত। আমরা এখন একদলীয় বাকশাল প্রেতাত্মার ছায়া দেখতে পাচ্ছি।’ তিনি বলেন, ‘কয়েক দিন ধরে পাখির মতো গুলি করে সাধারণ মানুষকে মারা হচ্ছে। চারদিকে গণহত্যা। মিছিল বের করলেই পুলিশ গুলি করছে। অথচ একটি গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে।’নিহত ব্লগার আহমেদ রাজিব হায়দারের বাসায় প্রধানমন্ত্রীর যাওয়ার ঘটনায় সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘৯৫ ভাগ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করলে এ দেশের মানুষ তা সহ্য করবে না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘অনুগ্রহ করে এ ভয়াবহ খেলা খেলবেন না।’ ইশতিয়াক আজিজ উলফতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির নেতা শামসুজ্জামান দুলু ও আবদুস সালাম প্রমুখ।