ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ঈমানের দাবি: জামায়াত
জামায়াতে ইসলামীর নেতারা দাবি করেছেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি করা মুসলমানদের ঈমানের দাবি। কিন্তু বর্তমান সরকার বাংলাদেশ থেকে ইসলামী আদর্শ, ইসলামী দল ও ইসলামী নেতৃত্ব উত্খাতের ষড়যন্ত্র করছে। সরকার ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে পর্যায়ক্রমে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে একদলীয় বাকশালীয় শাসনে ফিরে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।আজ মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেওয়া এক প্রস্তাবে এই অভিযোগ করেছে তারা। গতকাল সোমবার আইনমন্ত্রী শফিক আহমেদের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতের নির্বাহী পরিষদ এই বৈঠকে বসে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী গতকাল বলেছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিলের রায় বহাল রাখলে দেশে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বহাল থাকবে।জামায়াত আইনমন্ত্রীর এই বক্তব্যকে স্ববিরোধী আখ্যা দিয়েছে। তারা বলেছে, এ দেশের ইসলামপ্রিয় জনগণকে ধোঁকা দেওয়ার জন্যই আইনমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন। কোনো ইসলামী দলই ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করে না, বরং যারা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।জামায়াত আরও বলেছে, বাংলাদেশে ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক দলের বাইরে ধর্মভিত্তিক অন্য কোনো দল নেই। কাজেই আইনমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে, সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে কার্যত ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে। আর ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি করা মুসলমানদের ঈমানের দাবি। জামায়াতের নির্বাহী পরিষদ মনে করে, আইনমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে সরকার মানুষের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিচারাধীন বিষয়ে কেউ এই ধরনের বক্তব্য দিতে পারে না।